এলএনজি টার্মিনালের ব্যয় নিয়ে সংসদে প্রশ্ন, নোটিশ দিতে বললেন অর্থমন্ত্রী
সম্পাদিত ছবি
চীনের একটি কোম্পানিকে তৃতীয় এলএনজি টার্মিনাল নির্মাণের কাজ দেওয়ার সিদ্ধান্তে প্রায় ৬ হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের অভিযোগ উঠেছে। সংসদে এ অভিযোগ তুলে প্রকল্পটি বাতিল করে দেশের স্বার্থ রক্ষায় ব্যবস্থা নেওয়া হবে কি না, তা জানতে চেয়েছেন বিরোধী জোটের সংসদ সদস্য আখতার হোসেন। জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিষয়টি নিয়ে আলাদা নোটিশ দেওয়ার পরামর্শ দিয়েছেন।
সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের ষষ্ঠ দিনের কার্যক্রমে বিষয়টি উত্থাপন করেন আখতার হোসেন। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
সংসদে আখতার হোসেন বলেন, গত বৃহস্পতিবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় প্রায় ৬ হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয়ে চীনের একটি কোম্পানিকে তৃতীয় এলএনজি টার্মিনাল নির্মাণের প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
তিনি জানান, কাজ পাওয়া চীনা কোম্পানিটি দৈনিক ৩ লাখ ৪২ হাজার মার্কিন ডলার ক্যাপাসিটি চার্জ দাবি করছে। অথচ বর্তমানে চালু দুটি টার্মিনালের একটির দৈনিক ক্যাপাসিটি চার্জ ২ লাখ ৫৪ হাজার ডলার এবং অন্যটির ২ লাখ ৪৯ হাজার ডলার।
আখতার হোসেন বলেন, বর্তমান দুটি টার্মিনালের মেয়াদ শেষ হলে জাহাজসহ সংশ্লিষ্ট সম্পদের মালিকানা বাংলাদেশের কাছে চলে আসবে। কিন্তু নতুন টার্মিনাল নির্মাণকারী কোম্পানির সঙ্গে ১৫ বছরের চুক্তি শেষ হলেও এর মালিকানা বাংলাদেশের কাছে ফিরবে না।
তিনি আরও অভিযোগ করেন, নতুন প্রকল্পের প্রস্তাব কয়েক মাস আগে একই ভাষা ও একই পদ্ধতিতে সংসদের একজন সদস্যের নাতির একটি কোম্পানির পক্ষ থেকেও উপস্থাপন করা হয়েছিল। এক মাস আগে সরকারি ক্রয়সংক্রান্ত কমিটিতে প্রস্তাবটি উঠলে তা বাতিল করা হয়। পরে আবার প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে।
সংসদ সদস্যের দাবি, বর্তমান দুটি টার্মিনালের ধারণক্ষমতা, সক্ষমতা ও সরবরাহের অনুপাতে বিশ্লেষণ করলে নতুন টার্মিনালে প্রায় ৩৫ শতাংশ বেশি ব্যয় হচ্ছে। এতে রাষ্ট্রীয় অর্থের অপচয় এবং অর্থ লোপাটের সুযোগ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
এ অবস্থায় প্রায় ৬ হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের প্রকল্পটি বাতিল করে বাংলাদেশের স্বার্থ সংরক্ষণে ব্যবস্থা নেওয়া হবে কি না, অর্থমন্ত্রীর কাছে জানতে চান তিনি।
জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘মাননীয় স্পিকার, এটা এই প্রশ্নের সঙ্গে সম্পর্কিত কোনও বিষয় নয়। আমি মাননীয় সংসদ সদস্যকে অনুরোধ করছি, আপনি এই বিষয়টি আলাদাভাবে প্রশ্ন করে নিয়ে আসেন, এটা নোটিশ দেন। সঠিক উত্তর দেওয়া হবে, আপনার চিন্তার কোনও কারণ নেই।’