খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনার পর নগরীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি। সন্ত্রাস ও নাশকতা ঠেকাতে সোমবার (১৬ নভেম্বর) সকাল থেকে খুলনায় যৌথ বাহিনীর টহল শুরু হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার পর মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা নগর ভবনের সিঁড়ি লক্ষ্য করে একটি পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। বিস্ফোরণের পর আশপাশে আগুন ছড়িয়ে পড়লেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। স্থানীয় লোকজন ও পুলিশের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, নগর ভবনে হামলার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য কিংবা সন্ত্রাসীদের সম্পৃক্ততা থাকতে পারে। জাতীয় পর্যায়ে সংবাদ তৈরি এবং জনমনে আতঙ্ক ছড়ানোর লক্ষ্যেও এ ধরনের ঘটনা ঘটানো হতে পারে।
তিনি আরও বলেন, খুলনায় সন্ত্রাস দমনে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারকে বলা হয়েছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ায় তারাও এ ধরনের ঘটনা ঘটাতে পারে। তবে যে কারণেই ঘটনা ঘটানো হোক, সাধারণ মানুষের মধ্যে ভীতি ও আতঙ্ক ছড়ানোই এর উদ্দেশ্য বলে তিনি মনে করেন।
কেসিসি প্রশাসক জানান, গত সপ্তাহে খুলনার জুলাই স্মৃতিস্তম্ভেও পেট্রোল বোমা নিক্ষেপ করেছিল দুর্বৃত্তরা। ওই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে। দ্রুত এ বিষয়ে অগ্রগতি জানানো সম্ভব হবে বলে আশা করছেন তাঁরা। একটি নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল এ ঘটনায় জড়িত বলে পুলিশ নিশ্চিত হয়েছে বলেও জানান তিনি। সিটি করপোরেশনের পক্ষ থেকে মামলা করা হলে তা গ্রহণ করা হবে।
কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ বলেন, নগর ভবনে বোমা নিক্ষেপের ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা করার প্রস্তুতি চলছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার সাজ্জাদুর রহমান বলেন, সন্ত্রাস দমনে সোমবার সকাল থেকে খুলনায় যৌথ বাহিনীর টহল শুরু হয়েছে। সন্দেহভাজন এলাকাগুলোতে যৌথ বাহিনীর সদস্যরা একসঙ্গে অভিযান ও টহল পরিচালনা করবেন।
তিনি জানান, গুরুত্বপূর্ণ সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে আগে থেকেই নিরাপত্তাব্যবস্থা ছিল। তবে নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনার পর এসব এলাকায় টহল বাড়ানো হয়েছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থাও সরকারি ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নজরদারি জোরদার করেছে। বিশেষ করে রাতের বেলায় নজরদারি বাড়ানো হয়েছে।
খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে ৯টি থানার গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। পাশাপাশি বিশেষ অভিযান চলছে। মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাংয়ের তৎপরতা বন্ধে এসব কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
অভিযানকালে যানবাহনের কাগজপত্র যাচাই, অবৈধ যান চলাচল ও যত্রতত্র পার্কিংয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। সন্দেহভাজন ব্যক্তি ও তাঁদের সঙ্গে থাকা ব্যাগও তল্লাশি করা হচ্ছে। এসব অভিযানে মাদক ব্যবসা ও অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে।
জননিরাপত্তা নিশ্চিত এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চেকপোস্ট ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশ সুপার।