জ্যেষ্ঠতা-বকেয়া সুবিধাসহ সাড়ে চার বছর পর দুদকে ফিরছেন শরীফ
মো. শরীফ উদ্দিন
সাড়ে চার বছরের বেশি সময় পর দুর্নীতি দমন কমিশনের (দুদক) চাকরিতে ফিরছেন আলোচিত সাবেক উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন। জ্যেষ্ঠতা ও বকেয়া সব সুযোগ-সুবিধাসহ তাঁকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল প্রত্যাহার করে নিয়েছে দুদক। ফলে তাঁর চাকরিতে ফেরার ক্ষেত্রে আর কোনো আইনি বাধা নেই।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) শরীফ উদ্দিনের জ্যেষ্ঠ আইনজীবী সালাহ উদ্দীন দোলন বিষয়টি নিশ্চিত করেন।
আইনজীবী জানান, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দুদকের করা লিভ টু আপিল প্রত্যাহারের আবেদন মঞ্জুর করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। এর ফলে শরীফ উদ্দিনকে জ্যেষ্ঠতা ও বকেয়া সব সুবিধাসহ চাকরিতে পুনর্বহালের বিষয়ে হাইকোর্টের রায় বহাল রয়েছে।
আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি দুদক কর্মচারী বিধিমালা, ২০০৮-এর ৫৪(২) বিধির ক্ষমতাবলে শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণ করা হয়। তখন তিনি দুদকের পটুয়াখালী কার্যালয়ে উপসহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। এর আগে চট্টগ্রাম কার্যালয়ে দায়িত্ব পালনকালে সরকারি প্রকল্পের জমি অধিগ্রহণে অনিয়মের তদন্ত করে প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করার সুপারিশ করেছিলেন তিনি। এ সময় প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগও করেছিলেন।
চাকরিচ্যুতির আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে ২০২২ সালের ১৩ মার্চ হাইকোর্টে রিট করেন শরীফ উদ্দিন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০২৫ সালের ৯ জুলাই হাইকোর্ট তাঁর চাকরিচ্যুতির আদেশ আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করেন। একই সঙ্গে জ্যেষ্ঠতা ও বকেয়া সব সুযোগ-সুবিধাসহ তাঁকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেন আদালত। রায়ের অনুলিপি পাওয়ার ৩০ দিনের মধ্যে নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছিল।
হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে গত বছর আপিলের অনুমতি চেয়ে আবেদন করে দুদক। তবে পরে সংস্থাটি আবেদনটি আর পরিচালনা না করার সিদ্ধান্ত নেয়। গত ১৫ অক্টোবর আপিল বিভাগের চেম্বার আদালত আবেদনটি খারিজ করে দেন। ফলে হাইকোর্টের রায় বহাল থাকে।
চট্টগ্রামে কর্মরত থাকাকালে শরীফ উদ্দিনের কয়েকটি আলোচিত অনুসন্ধান দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছিল। কক্সবাজারের ভূমি অধিগ্রহণে দুর্নীতি, রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট জালিয়াতি, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির নিয়োগ ও পদোন্নতিতে অনিয়ম এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের দুর্নীতির অভিযোগ নিয়ে অনুসন্ধান করেছিলেন তিনি।
২০২১ সালের ১৬ জুন তাঁকে চট্টগ্রাম থেকে পটুয়াখালীতে বদলি করা হয়। এর প্রায় আট মাস পর চাকরি থেকে অপসারণ করা হয় তাঁকে। তাঁর চাকরিচ্যুতির ঘটনায় সে সময় দুদকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও অসন্তোষ দেখা দিয়েছিল।
দুদকের লিভ টু আপিল প্রত্যাহারের পর হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী জ্যেষ্ঠতা ও বকেয়া সুবিধাসহ শরীফ উদ্দিনের চাকরিতে পুনর্বহালের পথ খুলেছে।