কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জগন্নাথপুর আইডিয়াল কলেজে ১৪ জন শিক্ষক থাকলেও চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি। কলেজটিতে এ বছর পরীক্ষার্থী ছিল মাত্র তিনজন। তাদের মধ্যে দুজন পরীক্ষায় অনুপস্থিত ছিল। একমাত্র অংশগ্রহণকারী শিক্ষার্থী ইংরেজিতে অকৃতকার্য হয়েছে।
স্থানীয় সূত্র ও কলেজ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০০৪ সালে প্রতিষ্ঠিত কলেজটি এখনো এমপিওভুক্ত হয়নি। ফলে শিক্ষক-কর্মচারীরা সরকারি বেতন-ভাতার আওতায় আসেননি।
কলেজের অধ্যক্ষ মুজিবর রহমান জানান, শিক্ষার্থী ভর্তির জন্য তাঁদের প্রায়ই গ্রামে গিয়ে অভিভাবকদের সঙ্গে কথা বলতে হয়। কলেজটি চরাঞ্চলের কাছে হওয়ায় অনেক শিক্ষার্থী কৃষিকাজে ব্যস্ত থাকে। ফলে তাদের নিয়মিত পড়াশোনায় ফেরানো কঠিন হয়ে পড়ে।
কুষ্টিয়ার মিরপুর উপজেলার হাজী নুরুল ইসলাম কলেজেও একই ধরনের ফল হয়েছে। কলেজটির ১৩ জন শিক্ষক থাকলেও এ বছর পরীক্ষায় অংশ নেওয়া আটজন শিক্ষার্থীর কেউ পাস করতে পারেনি।
২০০০ সালে প্রতিষ্ঠিত এ কলেজটিও এমপিওভুক্ত নয়। এ বছর নিবন্ধিত ১৫ পরীক্ষার্থীর মধ্যে সাতজন অনুপস্থিত ছিল। বাকি আটজন পরীক্ষায় অংশ নিলেও উত্তীর্ণ হতে পারেনি।
কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলাম বলেন, তাঁরা ২৬ বছর ধরে বিনা বেতনে কাজ করছেন। ঝরে পড়া শিক্ষার্থীদের আবার পড়াশোনায় ফেরাতে অনেক সময় আর্থিক সহায়তাও দিতে হয়। তবে এবার কোনো শিক্ষার্থী পাস না করায় তাঁরা হতাশ।
এদিকে যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে এ বছর এইচএসসি পরীক্ষায় পাসের হার দাঁড়িয়েছে ৪৪ দশমিক ৯২ শতাংশ। বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেওয়া ১ লাখ ১২ হাজার ৭৯১ জনের মধ্যে পাস করেছে ৫০ হাজার ৬৬৮ জন। জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ২২৮ জন।
গত বছর যশোর বোর্ডে পাসের হার ছিল ৫০ দশমিক ২০ শতাংশ। সে বছর জিপিএ-৫ পেয়েছিল ৫ হাজার ৯৯৫ জন। অর্থাৎ, এবার পাসের হার ও জিপিএ-৫—দুটিই কমেছে।