জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। আগুনে টিনশেড বাড়িটির পাঁচটি কক্ষ পুড়ে গেছে। এ ছাড়া দুটি ছাগল মারা গেছে।
বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১২টার পর দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাতের পৈতৃক বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে রাত ১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন জানান, একতলা টিনশেড বাড়িটির আটটি কক্ষের মধ্যে পাঁচটি পুড়ে গেছে। নুসরাতের মা-বাবা ঘটনাস্থল থেকে ২০ থেকে ৩০ হাত দূরে একটি তিনতলা ভবনের তৃতীয় তলায় থাকেন। ওই ভবনে আগুন ছড়ায়নি। পরিবারের কেউ দগ্ধ হননি।
তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি পুলিশ। পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগের বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নুসরাত তাবাসসুম লেখেন, ‘বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না।’
তিনি আরও লেখেন, ‘এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাবো। ইনকিলাব জিন্দাবাদ।’
এদিকে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে এ হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছেন। দলটির মিডিয়া সেল থেকেও একই অভিযোগ করা হয়েছে। তবে এ ঘটনায় কারা জড়িত, তা এখনো নিশ্চিত করেনি পুলিশ।