বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটে তাকে বহনকারী হেলিকপ্টার বন্দরের হেলিপ্যাডে অবতরণ করে।
এ সময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান আইনমন্ত্রী আসাদুজ্জামান, জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, সেতু প্রতিমন্ত্রী রাজীব আহসান, খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলী আসগার লবি ও খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলাল।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, মোংলায় প্রধানমন্ত্রীর দুটি কর্মসূচি রয়েছে। এসব কর্মসূচি শেষে তিনি বাগেরহাট সদরে হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। পরে সড়কপথে খুলনায় যাবেন। সেখানে জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর উদ্বোধন করবেন তিনি।
এর আগে সকাল ৯টায় প্রধানমন্ত্রী নিজ বাসভবন থেকে সড়কপথে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হন। ৯টা ১৫ মিনিটে হেলিকপ্টারে মোংলার উদ্দেশে যাত্রা করেন।
মোংলায় পৌঁছে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।
সকাল ১০টা ৩০ মিনিটে মোংলা বন্দরের সুবিধাদি সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় দুটি কনটেইনার জেটি নির্মাণ এবং আনুষঙ্গিক সুবিধাদি উন্নয়ন কার্যক্রমের ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা রয়েছে।
বন্দরের কর্মসূচি শেষে বেলা ১১টা ১৫ মিনিটে সড়কপথে হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজারের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। দুপুর ১২টা ৪৫ মিনিটে মাজার প্রাঙ্গণে পৌঁছে জিয়ারত করবেন তিনি।
এরপর খুলনার উদ্দেশে যাত্রা করবেন তারেক রহমান। বিকালে খুলনা জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শিশু-কিশোরদের ক্রীড়াপ্রতিভা অন্বেষণের আয়োজন ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। অনুষ্ঠান শেষে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।