রিয়াদে ফ্লাইট বন্ধ থাকলেও চালু থাকবে জেদ্দা-দাম্মাম-মদিনা রুট
বিমান বাংলাদেশ লোগো
সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি ও যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট চলাচল স্থগিত রাখার মেয়াদ ৩০ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
বুধবার (১১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলার পর সৃষ্ট পরিস্থিতি এবং যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত রাখার সিদ্ধান্ত বহাল থাকবে। এ রুটে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিয়মিত ফ্লাইট চালু হবে না।
তবে ঢাকা-জেদ্দা-ঢাকা, ঢাকা-দাম্মাম-ঢাকা ও ঢাকা-মদিনা-ঢাকা রুটে আগের ঘোষিত সিদ্ধান্ত ও সময়সূচি অনুযায়ী ফ্লাইট চলাচল অব্যাহত থাকবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস যাত্রীদের টিকিট ও ভ্রমণসংক্রান্ত সর্বশেষ তথ্য জানতে নিকটস্থ বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে।
এর আগে সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে ঢাকা-রিয়াদ ও ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট স্থগিত করা হয়েছিল। পরে ৭ নভেম্বর থেকে দাম্মাম রুটে নিয়মিত ফ্লাইট চালু হলেও রিয়াদ রুটে স্থগিতাদেশ বহাল রাখা হয়।