শ্রমিক আন্দোলনের নামে রাজনৈতিক সহিংসতা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

BD REPORT
বিডি-রিপোর্ট 14 Nov 2026 04:11 am
শ্রমিক আন্দোলনের নামে রাজনৈতিক সহিংসতা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পোশাকশিল্পে চলমান সহিংসতাকে স্বাভাবিক শ্রমিক আন্দোলন নয়, পরিকল্পিত রাজনৈতিক কর্মকাণ্ড বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর দাবি, সাধারণ শ্রমিকদের ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি স্বার্থান্বেষী মহল। এর পেছনে সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও কয়েকজন পোশাকশিল্প মালিকের রাজনৈতিক ভূমিকা রয়েছে।

বুধবার (৪ নভেম্বর) বিকালে বাংলাদেশ সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে সাইবার সুরক্ষা (সংশোধন) আইন ২০২৬-এর খসড়া পর্যালোচনা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গার্মেন্টস শ্রমিকদের বর্তমানে কোনো অমীমাংসিত দাবি-দাওয়া নেই। এরপরও একটি মহল পরিকল্পিতভাবে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। তাঁর অভিযোগ, শ্রমিক আন্দোলনের নামে কিছু বহিরাগত ও অশ্রমিক ব্যক্তি হামলা, অগ্নিসংযোগ ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাচ্ছে।

তিনি আরও বলেন, 'তদন্তে দেখা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে দায়িত্বে থাকা কয়েকজন গার্মেন্টস মালিক, সাবেক সংসদ সদস্য, মন্ত্রী ও প্রতিমন্ত্রীর রাজনৈতিক এজেন্ডা ও ভূমিকা এসব ঘটনার পেছনে রয়েছে।' পাশাপাশি মাফিয়া ও প্রতিক্রিয়াশীল শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে পরিচালিত চক্রান্ত বাস্তবায়নের চেষ্টা করছে বলে দাবি করেন তিনি।

নতুন মজুরি কাঠামো কার্যকর হবে জানুয়ারিতে

সালাহউদ্দিন আহমদ বলেন, পোশাকশ্রমিকদের প্রধান দাবি ছিল প্রতি তিন বছর পর নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ড গঠন। সরকার আগেই এ উদ্যোগ নিয়েছিল। শ্রমিক পক্ষের প্রতিনিধি মনোনয়নে কিছুটা সময় লাগায় বোর্ড গঠনে বিলম্ব হয়। তবে নাম পাওয়ার পরই বোর্ড গঠন করা হয়েছে।

ইতোমধ্যে বোর্ডের প্রথম সভাও অনুষ্ঠিত হয়েছে। সিনিয়র জেলা জজ পদমর্যাদার একজন কর্মকর্তার নেতৃত্বে গঠিত বোর্ডে মালিক ও শ্রমিক—উভয় পক্ষের প্রতিনিধি রয়েছেন। মূল্যস্ফীতি, অর্থনৈতিক পরিস্থিতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে নতুন মজুরি কাঠামো কার্যকর করার লক্ষ্য নিয়ে কাজ চলছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও কল্যাণকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা দিয়েছেন। সরকারের লক্ষ্য রফতানি বৃদ্ধি, অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করা।

ধ্বংসাত্মক কর্মকাণ্ড শ্রমিকদের আন্দোলন নয়

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সম্প্রতি পোশাকশিল্প মালিকদের সঙ্গে সরকারের বৈঠক হয়েছে। শ্রমিক নেতাদের সঙ্গেও বিস্তারিত আলোচনা হয়েছে। তাঁর দাবি, উভয় পক্ষই একমত হয়েছে যে, ধ্বংসাত্মক কর্মকাণ্ড সাধারণ শ্রমিকদের আন্দোলন নয়। রাজনৈতিক স্বার্থে শ্রমিকদের ব্যবহার করা হচ্ছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। তাঁর ভাষ্য, বাহিনীর অনেক সদস্য আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও তাঁরা সংযম দেখিয়েছেন। তবে অপরাধী চক্রকে ছাড় দেওয়া হবে না।

এ সময় সাধারণ শ্রমিকদের উসকানি ও গুজবে কান না দিয়ে কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, শ্রমিকরা কাজে ফিরলে উৎপাদন সচল থাকবে এবং তাঁদের কর্মসংস্থান ও জাতীয় অর্থনীতি সুরক্ষিত থাকবে।

সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীকে আটক নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি আটক হয়ে থাকলে তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকার কারণেই প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিষয়টি আইন অনুযায়ী খতিয়ে দেখা হবে।

প্রেস ব্রিফিংয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।