২১ জানুয়ারি ভোট শুরুর পরিকল্পনা, ইউনিয়নের তালিকা যাচাইয়ের নির্দেশ

BD REPORT
বিডি-রিপোর্ট 15 Nov 2026 09:11 pm
২১ জানুয়ারি ভোট শুরুর পরিকল্পনা, ইউনিয়নের তালিকা যাচাইয়ের নির্দেশ

নির্বাচন কমিশনের লোগো

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে নির্বাচন উপযোগী ইউনিয়নের তালিকা আবারও যাচাই করার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তালিকায় কোনো যোগ্য ইউনিয়নের নাম বাদ পড়েছে কি না, সীমানা নিয়ে বিরোধ বা আইনি জটিলতার তথ্য সঠিকভাবে অন্তর্ভুক্ত হয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে।

এ জন্য সব জেলা নির্বাচন কর্মকর্তাকে আগামী ৮ নভেম্বরের মধ্যে যাচাই করে প্রয়োজনীয় সংশোধনী পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

ইসি সচিবালয়ের উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, জেলা নির্বাচন কর্মকর্তাদের কার্যালয় এবং স্থানীয় সরকার বিভাগের পাঠানো তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট জেলার সব উপজেলার নির্বাচন উপযোগী ইউনিয়ন পরিষদের তালিকা তৈরি করা হয়েছে। তালিকায় ইউনিয়নের নাম সঠিকভাবে অন্তর্ভুক্ত হয়েছে কি না, তা পুনরায় যাচাই করতে হবে।

এছাড়া আইনি জটিলতা বা সীমানা-সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির তথ্য এবং বর্তমানে নির্বাচন উপযোগী কোনো ইউনিয়নের নাম বাদ পড়েছে কি না, সেটিও নিশ্চিত করতে বলা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, ইউনিয়ন পরিষদের নাম, তারিখ, মামলা, সীমানা-সংক্রান্ত জটিলতা, ভোটার তালিকা পুনর্বিন্যাস বা অন্য কোনো বিষয়ে সংশোধন থাকলে তা ৮ নভেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-৩ শাখায় পাঠাতে হবে। তালিকার তথ্য সঠিক থাকলেও লিখিতভাবে তা নিশ্চিত করতে হবে।

প্রসঙ্গত, দেশে ইউনিয়ন পরিষদের সংখ্যা ৪ হাজার ৫৮০টি। এর মধ্যে চলতি বছর ৩ হাজার ৯৮১টি ইউনিয়ন নির্বাচন উপযোগী হবে। বাকি ইউনিয়নগুলো ২০২৭ ও ২০২৮ সালের দিকে নির্বাচন উপযোগী হবে।

গত অক্টোবর মাসে পাঁচ ধাপে ইউপি নির্বাচনের পরিকল্পনার কথা জানিয়েছিল নির্বাচন কমিশন। সে অনুযায়ী, আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপে ভোটগ্রহণের মাধ্যমে নির্বাচন শুরু হওয়ার কথা রয়েছে।