নৈরাজ্য সৃষ্টি করে ক্ষমতায় ফেরার চেষ্টা করছে পতিত ফ্যাসিস্টরা: রিজভী

BD REPORT
বিডি-রিপোর্ট 16 Nov 2026 01:11 pm
নৈরাজ্য সৃষ্টি করে ক্ষমতায় ফেরার চেষ্টা করছে পতিত ফ্যাসিস্টরা: রিজভী

রুহুল কবির রিজভী

পতিত ফ্যাসিস্টরা দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য সৃষ্টি করছে এবং পাশের দেশের মদদে আবারও ক্ষমতায় আসতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তবে পেছনের দরজা দিয়ে নৈরাজ্য সৃষ্টি করে ক্ষমতায় ফেরার চেষ্টা জনগণ সফল হতে দেবে না বলে মন্তব্য করেন তিনি।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতাদের সঙ্গে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন রিজভী।

তিনি বলেন, ‘ক্ষমতায় এসে ফ্যাসিস্টরা আবারও ব্যাংকের টাকা পাচার করবেন। অথচ তাদের মন্ত্রী-এমপিরা ঠিকই সিঙ্গাপুরে, থাইল্যান্ডে, কানাডায় ও দুবাইতে বিলাসী জীবন যাপন করবেন। ওই সুখের স্বর্গ তাদের আর কোনোদিন আসবে না।’

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নতুন কমিটি প্রসঙ্গে রিজভী বলেন, ‘এই কমিটি নিয়ে দক্ষিণ মহানগর শক্তিশালী হবে। জীবন বাজি রেখে সবাই কাজ করেছে দলের জন্য। তারা দলের দায়িত্বে থাকলে দল ঠিক থাকবে।’

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।

আবদুস সালাম বলেন, ‘আগামীতে যত ষড়যন্ত্রই হোক প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সব পরিস্থিতি মোকাবিলা করা হবে।’

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, ঢাকা-৯ আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক আহ্বায়ক রফিকুল আলম মজনু, সাবেক যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী এবং সাবেক সহসভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুস সাত্তারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।