মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) একটি রিসোর্টের ফটকের সামনে এ হামলার ঘটনা ঘটে। হামলাকারীদের হাত থেকে দৌড়ে পালিয়ে প্রাণে রক্ষা পান তিনি।
ঘটনাটি ঘটে মঙ্গলবার দুপুর ১২টার দিকে। জানা গেছে, হাসিব আল ইসলাম একটি অটোরিকশায় করে রিসোর্টে যাচ্ছিলেন। তাঁর সঙ্গে একজন নারীও ছিলেন। পথে একদল ব্যক্তি অটোরিকশাটির গতিরোধ করে তাঁকে লক্ষ্য করে হামলা চালায়। একপর্যায়ে হামলাকারীদের হাত থেকে বাঁচতে দৌড়ে পালিয়ে যান তিনি।
ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, অটোরিকশায় থাকা অবস্থায় একদল ব্যক্তি তাঁর পথ আটকে হামলার চেষ্টা করছেন। অভিযোগ উঠেছে, হামলাকারীরা তাঁকে ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করার চেষ্টা করে।
এ ঘটনার সঙ্গে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে। তবে হামলাকারীদের পরিচয় ও ঘটনার বিস্তারিত বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।