ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় এক গাড়িচালক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ২টা ২০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ ভবন এবং কলা ভবনের পাশের শ্যাডো এলাকায় পৃথক দুটি বিস্ফোরণ ঘটে। আহত চালককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।
আহত ব্যক্তির নাম সোহেল। তিনি ব্যবসায় শিক্ষা অনুষদ ভবনের সামনে রাখা একটি প্রাইভেটকারের চালক। বিস্ফোরণে গাড়িটিরও ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে গাড়িটির চালক দুপুরের খাবার শেষে দরজা খুলতে গেলে হঠাৎ ককটেল বিস্ফোরণ ঘটে। এতে তিনি গুরুতর আহত হন। একই সময়ে কলা ভবনের পাশের শ্যাডো এলাকায়ও আরেকটি ককটেল বিস্ফোরিত হয়।
প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ দাবি করেছেন, ভবনের ওপরের দিক থেকে ককটেল ছোড়া হয়েছে। তবে বিস্ফোরণের সঙ্গে জড়িত কাউকে তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি।
বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক আল আমিন জানান, বিস্ফোরণে গাড়িচালক আহত হয়েছেন। তাঁকে শিক্ষার্থীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ঘটনার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. ইসরাফিল প্রাং রতনও বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার পর প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে পৌঁছেছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।