আনোয়ারায় অবরোধের চেষ্টা, পুলিশ যাওয়ার আগেই সরে গেলেন তাঁরা
সংগৃহীত
চট্টগ্রামের আনোয়ারায় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধের চেষ্টা করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার পিএবি (পটিয়া-আনোয়ারা-বাঁশখালী) সড়কের শোলকাটা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় সড়কের দুই পাশে যান চলাচল ব্যাহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী শোলকাটা এলাকায় সড়কে অবস্থান নেন। একপর্যায়ে তাঁরা সড়কের ওপর কয়েকটি টায়ার জ্বালিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি করেন। এ সময় তাঁদের স্লোগান দিতেও দেখা যায়।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, অবরোধে অংশ নেওয়া ব্যক্তিদের কারও মাথায় হেলমেট, আবার কারও মুখে মুখোশ ছিল। তাঁরা সড়কে টায়ার জ্বালিয়ে স্লোগান দিচ্ছিলেন।
খবর পেয়ে আনোয়ারা থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই অবরোধকারীরা সরে পড়েন। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, পুলিশ যাওয়ার আগেই অবরোধকারীরা সরে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ঘটনার সঙ্গে কারা জড়িত, তা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে চট্টগ্রাম জেলা পুলিশের আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান জানান, ঘটনার সময় ১০ থেকে ১৫ জন যুবক সড়কে টায়ার জ্বালিয়ে স্লোগান দেন। তাঁরা সেখানে এক থেকে দেড় মিনিট অবস্থান করেছিলেন। জড়িতদের ধরতে অভিযান শুরু হয়েছে।