শেখ হাসিনাকে ফেরাতে ভারতের দুই শর্ত, ডিসেম্বর নিয়ে অনিশ্চয়তা
সংরক্ষিত ছবি
ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর বিষয়ে ঢাকার সঙ্গে কয়েক মাস ধরে পর্দার আড়ালে আলোচনা চালাচ্ছে দিল্লি। তবে তাঁকে ফেরত পাঠানোর ক্ষেত্রে দুটি শর্ত রয়েছে ভারতের। বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের আগস্টে বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক উড়োজাহাজে শেখ হাসিনাকে যেভাবে ভারতে নেওয়া হয়েছিল, একইভাবে তাঁকে বাংলাদেশে ফিরিয়ে দিতে চায় ভারত। এ ক্ষেত্রে বাংলাদেশ সামরিক উড়োজাহাজ পাঠিয়ে দিল্লি থেকে তাঁকে নিয়ে যেতে পারে। অথবা স্থলসীমান্তের নির্দিষ্ট কোনো পয়েন্টে বাংলাদেশের সেনাবাহিনীর কাছে তাঁকে হস্তান্তর করা হতে পারে। এ ধরনের প্রত্যাবর্তনে প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা দিতে ভারত প্রস্তুত বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ভারতের দ্বিতীয় শর্ত হলো, দেশে ফেরার পর শেখ হাসিনা যেন মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ পান এবং ২০২৪ সালের জুলাইয়ে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগে তাঁর বিচার নতুন করে শুরুর নিশ্চয়তা দেওয়া হয়। তাঁর বিচারপ্রক্রিয়া আন্তর্জাতিক সম্প্রদায় ও বিশ্ব গণমাধ্যমের নজরদারিতে রাখার বিষয়টিও নিশ্চিত করতে চায় দিল্লি।
বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের ডিসেম্বরে কূটনৈতিক বার্তার মাধ্যমে শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে অনুরোধ জানায় বাংলাদেশ। এরপর একাধিকবার তাগাদা দেওয়া হলেও দিল্লি এখন পর্যন্ত এ বিষয়ে ইতিবাচক বা নেতিবাচক কোনো জবাব দেয়নি। শেখ হাসিনাকে দীর্ঘদিনের আস্থাভাজন ও পরীক্ষিত বন্ধু হিসেবে দেখে ভারত। তাঁকে বন্দি হিসেবে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে চায় না দেশটি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে দিল্লি ক্রমেই বিব্রতকর পরিস্থিতিতে পড়ছে। বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আন্তর্জাতিক পরিসরেও সমালোচনার মুখে রয়েছে দেশটি। তাঁকে তৃতীয় কোনো দেশে পাঠানোর চেষ্টা করেও সফল হয়নি ভারত। ফলে বাংলাদেশে ফেরানো এবং বিচারের মুখোমুখি করাকেই এখন বাস্তবসম্মত বিকল্প হিসেবে বিবেচনা করছে দিল্লি।
ভারতের নীতিনির্ধারকদের ধারণা, শেখ হাসিনার দেশে ফেরা বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের পুনরুত্থানের পথও তৈরি করতে পারে। ভারতে আশ্রয় পাওয়া বিদেশি অতিথিদের নিয়মিত ডিব্রিফিং করা হয়। শেখ হাসিনার সঙ্গেও এসব আলোচনায় ভারতের মনোভাব তুলে ধরা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দুই পক্ষের মধ্যে এ বিষয়ে সমঝোতা হওয়ার পরই তিনি ডিসেম্বরে দেশে ফেরার ইচ্ছার কথা প্রকাশ্যে জানিয়েছেন বলে দাবি করা হয়েছে।
শেখ হাসিনার প্রত্যাবর্তনে বাংলাদেশ ও ভারতের সেনাবাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে বলেও মনে করছে দিল্লি। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত অক্টোবরের প্রথম সপ্তাহে ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী এক অনির্ধারিত সফরে দিল্লি যান। সেখানে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গে বৈঠক করেন। ভারতের একটি শীর্ষ সামরিক সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার প্রত্যাবর্তনে সেনাবাহিনীর সক্রিয় ভূমিকা নিশ্চিত করার বিষয়টি ওই বৈঠকের উদ্দেশ্য হয়ে থাকতে পারে।
দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে টানাপোড়েন থাকলেও সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ যোগাযোগ কাজে লাগিয়ে শেখ হাসিনার প্রত্যাবর্তনে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সমন্বয় চায় ভারত। দেশে ফেরার পর তাঁর নিরাপত্তার দায়িত্ব বাংলাদেশের সেনাবাহিনী নিক, সেটিও দিল্লির প্রত্যাশা বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
তবে আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে ভারতের কর্মকর্তাদের মধ্যেও অনিশ্চয়তা রয়েছে। দিল্লির কর্মকর্তাদের ধারণা, বাংলাদেশ সরকার প্রকাশ্যে তাঁকে ফেরত চাইলেও বাস্তবে তাঁর প্রত্যাবর্তন চায় না। তাঁদের মতে, জ্বালানি খাতের সংকট ও গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভসহ বিভিন্ন চ্যালেঞ্জের মধ্যে শেখ হাসিনার ফেরা দেশে রাজনৈতিক অস্থিরতা বাড়াতে পারে।
এছাড়া ভারতের শর্ত পূরণ, দুই দেশের মধ্যে সমঝোতা এবং নিরাপত্তা নিশ্চিত করাও বড় চ্যালেঞ্জ। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে এসব বিষয়ে সমাধান হওয়ার সম্ভাবনা কম বলে মনে করছেন দিল্লির পর্যবেক্ষকেরা। ফলে বড় কোনো পরিবর্তন না এলে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা ক্ষীণ বলে বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা আওয়ামী লীগের নেতাকর্মীদের উজ্জীবিত করেছে বলে মনে করছে দিল্লি। শেষ পর্যন্ত তিনি ভারতে থেকে গেলেও তাঁর দেশে ফেরার ইচ্ছা প্রকাশের বিষয়টি দিল্লির অবস্থান ব্যাখ্যার ক্ষেত্রে কাজে লাগতে পারে বলে মনে করছেন ভারতীয় কর্মকর্তারা।