বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসার আবেদন প্রক্রিয়া আরও সহজ করেছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন। এ লক্ষ্যে ভিসা আন্ডারটেকিং ফরমের কাঠামো সরল করা হয়েছে। ফলে আবেদনকারীরা নিজেরাই প্রয়োজনীয় তথ্য পূরণ করতে পারবেন। এতে এজেন্টের ওপর নির্ভরশীলতাও কমবে।
শুক্রবার (৬ নভেম্বর) ঢাকার ভারতীয় হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
হাইকমিশন জানায়, প্রায় তিন সপ্তাহ আগে সংশোধিত ও সহজীকৃত ফরমটি ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের (আইভ্যাক) ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।
নতুন ফরমে প্রয়োজনীয় তথ্য সহজে বোঝা ও পূরণ করা যাবে। পাশাপাশি সব ধরনের ভিসার আবেদনে একই ধরনের মানসম্মত ফরম্যাট অনুসরণ করা হবে। এতে আবেদন জমা দেওয়ার ক্ষেত্রে অভিন্নতা বজায় থাকবে।
হাইকমিশনের এ উদ্যোগের লক্ষ্য ভিসা আবেদন প্রক্রিয়াকে আরও সহজ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও আবেদনকারীবান্ধব করা। তবে ফরম সহজ করার সঙ্গে ভিসা পাওয়ার যোগ্যতার নতুন কোনো শর্ত যুক্ত করা হয়নি। বিদ্যমান যোগ্যতার মানদণ্ডেও কোনো পরিবর্তন আনা হয়নি।
বাংলাদেশি আবেদনকারীদের ভোগান্তি কমাতে ভিসা-সংক্রান্ত প্রক্রিয়া সহজ করার চলমান উদ্যোগের অংশ হিসেবে এ পরিবর্তন আনা হয়েছে।