নেতানিয়াহুর সঙ্গে চুক্তির কথা জানিয়ে সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের

BD REPORT
বিডি-রিপোর্ট 14 Nov 2026 03:11 pm
নেতানিয়াহুর সঙ্গে চুক্তির কথা জানিয়ে সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পাশে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

চলতি বছরের শেষ থেকে ইসরায়েলকে আর সামরিক সহায়তা দেবে না যুক্তরাষ্ট্র। এমন ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তাঁর এ বক্তব্যের সঙ্গে বিদ্যমান সহায়তা চুক্তির তথ্যের অসংগতি রয়েছে।

টেলিফোনে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, 'ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এ বিষয়ে কয়েক মাস আগেই চুক্তি হয়েছে। যুক্তরাষ্ট্র প্রতিবছর ইসরায়েলকে ৪০০ কোটি ডলার দেয়। তবে চলতি বছরের শেষ থেকে এ সহায়তা বন্ধ করা হবে।'

ট্রাম্প বলেন, 'ইসরায়েল এখন সফল একটি দেশ। তাদের এ অর্থের প্রয়োজন নেই। এটি অর্থের অপচয়। তবে প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সহায়তা করবে। দেশটিকে তিনি যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র বলেও উল্লেখ করেন।'

এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের ঘোষণার সঙ্গে বিদ্যমান মার্কিন সামরিক সহায়তা চুক্তির তথ্যের মিল নেই। ইসরায়েলকে দেওয়া যুক্তরাষ্ট্রের ১০ বছর মেয়াদি সামরিক সহায়তা চুক্তির মেয়াদ ২০২৮ সালের সেপ্টেম্বরের আগে শেষ হওয়ার কথা নয়। এ চুক্তির আওতায় ইসরায়েল প্রতিবছর ৩৮০ কোটি ডলার পেয়ে থাকে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রকাশ্যে মার্কিন সামরিক সহায়তা বন্ধের কথা বললেও তিনি আগামী দশকে ধাপে ধাপে তা বন্ধ করার পক্ষে অবস্থান জানিয়েছেন। ট্রাম্পের মতো একবারে বন্ধ করার কথা বলেননি।

এদিকে ট্রাম্পের ঘোষণায় বিস্ময় প্রকাশ করেছেন ইসরায়েলের অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা। ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াল্লার খবরে বলা হয়েছে, সহায়তা বন্ধের বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মন্ত্রণালয়ে কোনো আনুষ্ঠানিক কাগজপত্র জমা দেওয়া হয়নি। তবে সহায়তা বন্ধের পরিকল্পনার কথা তাঁরা জানতেন।

নাম প্রকাশ না করে ওয়াইনেটকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, দুই বছরের সহায়তা হারানোর অর্থ ৮০০ কোটি ডলারের ঘাটতি। এ অর্থ নাগরিকদের কর থেকে সংগ্রহ করতে হতে পারে। এতে দেশটির অর্থনীতিতে মারাত্মক প্রভাব পড়বে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

ট্রাম্পের বক্তব্যের বিষয়ে শিগগিরই ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আনুষ্ঠানিক মন্তব্য আসতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।