রিপাবলিকান না ডেমোক্র্যাট—যুক্তরাষ্ট্রের ক্ষমতার সমীকরণ নির্ধারণ আজ

BD REPORT
বিডি-রিপোর্ট 14 Nov 2026 03:11 pm
রিপাবলিকান না ডেমোক্র্যাট—যুক্তরাষ্ট্রের ক্ষমতার সমীকরণ নির্ধারণ আজ

ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রে আজ মঙ্গলবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত হচ্ছে গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচন। এ নির্বাচনের মধ্য দিয়ে নির্ধারিত হবে আগামী দুই বছর দেশটির কংগ্রেসের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা ও তাঁর প্রশাসনের কর্মকাণ্ডেরও মূল্যায়ন হবে।

বর্তমানে হোয়াইট হাউসের পাশাপাশি কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ রিপাবলিকান পার্টির হাতে। অন্যদিকে বিরোধী ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ ফিরে পেতে চায়। রিপাবলিকানদের লক্ষ্য নিজেদের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখা।

মার্কিন প্রেসিডেন্টের চার বছর মেয়াদের মাঝামাঝি সময়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয় বলে একে মধ্যবর্তী নির্বাচন বলা হয়। এতে প্রেসিডেন্ট পদে ভোট হয় না। বরং কংগ্রেসের দুই কক্ষের সদস্য এবং বিভিন্ন অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচিত হন।

এবার প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের সব কটিতে এবং ১০০ সদস্যের সিনেটের ৩৫টি আসনে ভোট হবে। এ ছাড়া ৩৬টি অঙ্গরাজ্যে গভর্নর নির্বাচন করবেন ভোটাররা।

প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পেতে কোনো দলকে অন্তত ২১৮টি আসন নিশ্চিত করতে হবে। বর্তমানে রিপাবলিকানদের দখলে রয়েছে ২১৮টি আসন। ডেমোক্র্যাটদের রয়েছে ২১৪টি। একজন স্বতন্ত্র সদস্য রিপাবলিকানদের সঙ্গে অবস্থান করছেন। দুটি আসন শূন্য রয়েছে।

কংগ্রেসের নিয়ন্ত্রণ কেন গুরুত্বপূর্ণ?

কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ হারালে ট্রাম্প প্রশাসনের আইন প্রণয়ন ও নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়ন কঠিন হয়ে পড়তে পারে। ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পেলে প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে তদন্ত করতে পারবেন। সরকারি কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ এবং প্রয়োজনীয় নথিপত্র তলব করার ক্ষমতাও পাবেন।

প্রতিনিধি পরিষদের হাতে প্রেসিডেন্টকে অভিশংসিত করার ক্ষমতা রয়েছে। তবে অভিশংসনের পর তাঁকে পদ থেকে সরাতে সিনেটের দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন প্রয়োজন।

অন্যদিকে সিনেটের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে গেলে প্রেসিডেন্টের মনোনীত মন্ত্রিসভার সদস্য, রাষ্ট্রদূত, কেন্দ্রীয় বিচারক ও সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ আটকে দেওয়ার সুযোগ তৈরি হবে।

তবে কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ পেলেও ডেমোক্র্যাটরা এককভাবে সব সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারবেন না। কারণ, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প দায়িত্বে থাকবেন এবং কংগ্রেসে পাস হওয়া কোনো বিলে ভেটো দিতে পারবেন। সেই ভেটো অকার্যকর করতে দুই কক্ষেই দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন প্রয়োজন।

নির্বাচনের আগে বিতর্ক

নির্বাচন সামনে রেখে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের ভূমিকা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। ক্যালিফোর্নিয়ায় ডাকযোগে পাঠানো প্রায় ২০ হাজার ভোটের ব্যালট আলাদা করে রাখার আবেদন করেছিল বিচার বিভাগ। তাদের অভিযোগ, এসব ভোটারের অনেকে যুক্তরাষ্ট্রের নাগরিক নন। তবে ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, অ-নাগরিকদের ভোট দেওয়া ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে। আদালত বিচার বিভাগের আবেদন প্রত্যাখ্যান করেছেন।

আলাস্কায়ও একই নামের দুই প্রার্থীর অংশগ্রহণ নিয়ে আইনি বিরোধ তৈরি হয়েছে। সেখানে রিপাবলিকান সিনেটর ড্যান সুলিভানের পাশাপাশি একই নামের আরেকজন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। বিচার বিভাগের অভিযোগ, ভোটারদের বিভ্রান্ত করতেই ওই প্রার্থীকে নির্বাচনে আনা হয়েছে। তবে ডেমোক্র্যাট প্রার্থী মেরি পেলটোলার প্রচারশিবির এ অভিযোগ অস্বীকার করেছে।

ট্রাম্পের জন্য কেন গুরুত্বপূর্ণ?

এবারের নির্বাচন এমন সময়ে হচ্ছে, যখন যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার ব্যয় বেড়েছে এবং দেশটি যুদ্ধে জড়িত। ফলে নির্বাচনের ফলাফলের ওপর ট্রাম্পের মেয়াদের বাকি দুই বছরের রাজনৈতিক পরিস্থিতি অনেকটাই নির্ভর করবে।

রিপাবলিকানরা কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে ট্রাম্পের নীতিগত পরিকল্পনা বাস্তবায়ন তুলনামূলক সহজ হবে। আর ডেমোক্র্যাটরা একটি বা উভয় কক্ষের নিয়ন্ত্রণ পেলে প্রশাসনের ওপর নজরদারি ও তদন্তের সুযোগ বাড়বে। একই সঙ্গে আইন প্রণয়ন ও সরকারি ব্যয় অনুমোদনের ক্ষেত্রে দুই দলের মধ্যে বিরোধ তৈরি হতে পারে।