আসন সমঝোতা নিয়ে বিরোধ, লংমার্চে অনুপস্থিত নাহিদ

BD REPORT
বিডি-রিপোর্ট 14 Nov 2026 03:11 pm
আসন সমঝোতা নিয়ে বিরোধ, লংমার্চে অনুপস্থিত নাহিদ

এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম

সাত দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে খুলনা-কুষ্টিয়া অভিমুখী লংমার্চে অংশ নেননি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। দলীয় সূত্রের দাবি, সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আসন সমঝোতা এবং সাম্প্রতিক রাজনৈতিক কয়েকটি ঘটনায় জামায়াতে ইসলামীর সঙ্গে মতবিরোধের জেরেই এই দূরত্ব তৈরি হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ৭টায় লংমার্চের কর্মসূচি শুরু হয়। সকাল ৮টা ২০ মিনিটে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেট থেকে গাড়িবহর খুলনা-কুষ্টিয়ার উদ্দেশে যাত্রা করে।

উদ্বোধনী সমাবেশে জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বক্তব্য দেন। মঞ্চে তাঁর পরেই লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদের অবস্থান ছিল। এরপর ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকসহ অন্যান্য নেতারা। জামায়াত আমিরের পাশে নাহিদ ইসলামের জন্য চেয়ার রাখা হলেও তিনি উপস্থিত হননি।

তাঁর পরিবর্তে এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম উপস্থিত ছিলেন। তবে তাঁরা উদ্বোধনী সমাবেশে বক্তব্য দেননি। দলীয় সূত্র জানিয়েছে, তাঁরা ঢাকার বাইরে বিভিন্ন পথসভায় বক্তব্য দেবেন।

এনসিপির মিডিয়া সেলের নাম প্রকাশে অনিচ্ছুক এক কেন্দ্রীয় নেতা জানান, সিটি নির্বাচন নিয়ে দরকষাকষি এবং ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে অনিয়মের অভিযোগে জামায়াতের অবস্থান নিয়ে অসন্তোষ রয়েছে এনসিপির। এসব কারণেই অভিমান থেকে লংমার্চে যোগ দেননি নাহিদ ইসলাম।

সিটি নির্বাচন নিয়ে বিরোধ

১১ দলীয় ঐক্যের জামায়াত ও এনসিপির একাধিক নেতার বরাতে প্রতিবেদনে বলা হয়, দুই দলের মধ্যে দূরত্বের শুরু গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আসন সমঝোতার আলোচনা থেকে।

ওই আলোচনায় এনসিপি অন্তত তিনটি সিটি করপোরেশনে ছাড় চেয়েছিল। এর মধ্যে ঢাকার দুই সিটির একটিতে ছাড় দেওয়ার বিষয়ে অনড় ছিল দলটি। তবে জামায়াত ঢাকার কোনো সিটিতে শরিকদের ছাড় দিতে রাজি হয়নি। এর পরিবর্তে কুমিল্লা ও ময়মনসিংহে এনসিপিকে ছাড় দেওয়ার প্রস্তাব দেয়। এনসিপি তা মেনে নেয়নি। এ নিয়ে বৈঠক থেকে বেরিয়ে যান দলটির নেতারা।

এরপর থেকেই দুই দলের সম্পর্কে শিথিলতা তৈরি হয়। গত এক মাস ধরে ১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠকেও অংশ নেননি নাহিদ ইসলাম।

ঠাকুরগাঁও উপনির্বাচন নিয়েও অসন্তোষ

গত ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে অনিয়মের অভিযোগ নিয়ে জামায়াতের শক্ত অবস্থান না নেওয়া এবং বিএনপির বিজয়ী প্রার্থীর কাছ থেকে পরাজিত জামায়াত প্রার্থীর হাসিমুখে মিষ্টি খাওয়ার বিষয়টিও ভালোভাবে নেয়নি এনসিপি।

এ নিয়ে শাহবাগে দলের গণবিক্ষোভে প্রতিবাদ জানান এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিষয়টি নিয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীরাও সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক প্রতিক্রিয়া জানান।

এনসিপি সূত্রের দাবি, এসব কারণেই ১১ দলীয় ঐক্যের সঙ্গে নাহিদ ইসলামের দূরত্ব তৈরি হয়েছে। তবে বিষয়টি সমাধানের সুযোগ রয়েছে বলে মনে করছে দলটি। এ বিষয়ে জামায়াত নেতাদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।