গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে হুঁশিয়ারি শফিকুর রহমানের

BD REPORT
বিডি-রিপোর্ট 14 Nov 2026 01:11 pm
গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে হুঁশিয়ারি শফিকুর রহমানের

পথসভায় জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

জনগণের ভোট ও গণভোটের রায়কে সম্মান না করলে সরকারকে কঠিন পরিণতির মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জনগণের রায়ের প্রতি সম্মান দেখালে সরকারও সম্মানিত হবে।

শনিবার (৩১ অক্টোবর) ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবিতে আয়োজিত লংমার্চের পথসভায় মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে পদ্মা সেতুর কাছে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, 'সাত দফা দাবি আদায়ে এটি তাঁদের তৃতীয় লংমার্চ। তাঁরা জনগণের দাবি নিয়েই রাজপথে নেমেছেন। গণভোটে ৭০ শতাংশ মানুষ যে রায় দিয়েছেন, তা বাস্তবায়ন করাই তাঁদের প্রধান দাবি। এই দাবি পূরণ হলে বাকি ছয় দফাও স্বয়ংক্রিয়ভাবে বাস্তবায়িত হবে বলে তাঁরা বিশ্বাস করেন।'

তিনি আরও বলেন, 'জনগণের দাবি আদায় করেই তাঁরা ঘরে ফিরবেন।'

এর আগে শনিবার সকাল পৌনে ৯টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় এক পথসভায় বক্তব্য দেন জামায়াত আমির। সেখানে তিনি জনগণের প্রতি সম্মান জানিয়ে তাঁদের রায় মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

এর আগে সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেট থেকে লংমার্চের গাড়িবহর যাত্রা শুরু করে। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে হয়ে পদ্মা সেতু পেরিয়ে খুলনার উদ্দেশে যাত্রা করে বহরটি। প্রায় ৪২৫ কিলোমিটারের এ যাত্রায় ১৯টি জেলা অতিক্রম করার কথা রয়েছে। পথে বিভিন্ন স্থানে একাধিক পথসভা আয়োজন করা হয়েছে।