গ্যাসের দাম ২২৩ টাকা বৃদ্ধি, রাতেই প্রতিবাদে নামল এনসিপি

BD REPORT
বিডি-রিপোর্ট 14 Nov 2026 03:11 pm
গ্যাসের দাম ২২৩ টাকা বৃদ্ধি, রাতেই প্রতিবাদে নামল এনসিপি

খালি সিলিন্ডার নিয়ে এনসিপি নেতাদের ব্রিফিং

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়ানোর প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে নেতারা খালি গ্যাস সিলিন্ডার নিয়ে হাজির হন।

সোমবার (২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকার।

এর আগে সোমবার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৮৩৭ টাকা থেকে বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এতে প্রতি সিলিন্ডারের দাম বেড়েছে ২২৩ টাকা। নতুন দাম সোমবার রাত ৮টা থেকে কার্যকর হয়েছে।

সংবাদ সম্মেলনে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, মানুষ যেন প্রতিবাদ জানাতে না পারে, সে জন্য বিএনপি সরকার রাতের বেলায় গ্যাসের দাম বাড়িয়েছে। শেখ হাসিনার সময়ও রাতের বেলায় দাম বাড়িয়ে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হতো। এখন তারেক রহমানও একই পথে হাঁটছেন।

তিনি আরও বলেন, ‘তারেক রহমানের এটা সরকার না, এটা সিন্ডিকেটের সরকার, কয়েকটা কোম্পানিকে সুবিধা দিতে দামটা বাড়িয়েছে। আমরা কোম্পানিগুলার নাম না বলি, আমরা ভবিষ্যতে ইনশআল্লাহ রেগুলেটরি যে কমিশন আছে, তাদের সামনে খালি গ্যাসের বোতল নিয়ে কর্মসূচি পালন করব।’

সাধারণ মানুষের উদ্দেশে এনসিপির এই নেতা বলেন, ‘আপনারা সিলিন্ডার হাতে রাজপথে নেমে প্রতিবাদ করুন।’