রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ গণতন্ত্র, স্বচ্ছতা ও জবাবদিহির ঘাটতি বাড়ছে। অর্থ ও ক্ষমতার প্রভাব দলীয় কার্যক্রমকে ক্ষমতাকেন্দ্রিক ব্যবসায়িক মডেলের দিকে ঠেলে দিচ্ছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
রবিবার ঢাকার ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে ‘বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রাতিষ্ঠানিক সুশাসন’ শীর্ষক এক গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ সংস্কারের প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়েছে। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, এ সংস্কারের দায়িত্ব রাজনৈতিক দলগুলোকেই নিতে হবে।
গবেষণার জন্য ৪২টি রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। এর মধ্যে ৩২টি দল তথ্য দিয়েছে। গবেষণায় ২০০৮ সালে দল নিবন্ধন শুরু হওয়ার পর থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত তথ্য বিশ্লেষণ করা হয়েছে। কিছু ক্ষেত্রে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত তথ্যও বিবেচনায় নেওয়া হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, রাজনৈতিক দলগুলোর অর্থায়নে ব্যক্তি ও অনানুষ্ঠানিক উৎসের ওপর নির্ভরতা বাড়ছে। এতে ব্যক্তি ও পরিবারকেন্দ্রিক রাজনীতি জোরদার হচ্ছে। দলগুলোর আয়-ব্যয়ের ব্যবস্থাপনায় সুস্পষ্ট নীতিমালা ও পদ্ধতির ঘাটতি রয়েছে। দলগুলো নিয়মিত বার্ষিক বাজেটও তৈরি করে না। নিরীক্ষিত আয়-ব্যয়ের প্রতিবেদন প্রকাশের ক্ষেত্রেও স্বচ্ছতা নেই।
টিআইবির হিসাব অনুযায়ী, অন্তত ২২টি জেলা ও ১০১টি উপজেলায় কার্যালয় ও কার্যক্রম পরিচালনায় একটি রাজনৈতিক দলের বছরে আনুমানিক ১৪ থেকে ২৫ কোটি টাকা ব্যয় হতে পারে। সব জেলা, মহানগর, উপজেলা, পৌরসভা ও ইউনিয়নে কার্যক্রম থাকলে বার্ষিক ব্যয় ৩০২ থেকে ৩৯৩ কোটি টাকা হতে পারে। আর ওয়ার্ড পর্যায় পর্যন্ত সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত হলে সম্ভাব্য ব্যয় দাঁড়াতে পারে ১ হাজার ৫৩২ থেকে ২ হাজার ১৮৮ কোটি টাকা।
প্রতিবেদনে আরও বলা হয়, অধিকাংশ দলের প্রধান নির্বাচন হয় জাতীয় কাউন্সিলের মাধ্যমে। তবে সাধারণত গোপন ব্যালটের পরিবর্তে কণ্ঠভোটে নেতা নির্বাচিত হন। ১০টি দলের মধ্যে পরিবারকেন্দ্রিক নেতৃত্বের প্রবণতা দেখা গেছে। ১২টি দলের প্রধান ১০ বছর বা তার বেশি সময় দায়িত্বে রয়েছেন।
দলীয় মনোনয়নেও প্রার্থীর অর্থসম্পদকে গুরুত্ব দেওয়ার প্রবণতা রয়েছে বলে জানিয়েছে টিআইবি। প্রভাবশালী তিনটি দলে মনোনয়ন বাণিজ্যের অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া দলীয় কার্যক্রমে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণও সীমিত।
রাজনৈতিক দলগুলোর স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এবং রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা, ২০০৮ সংশোধনের সুপারিশ করেছে টিআইবি। দলগুলোকে তথ্য অধিকার আইন, ২০০৯-এর আওতায় আনারও প্রস্তাব দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনকে দলগুলোর আর্থিক হিসাব যাচাই, সাংগঠনিক কার্যক্রম তদারকি এবং আইন লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে সংস্থাটি। পাশাপাশি নিয়মিত কাউন্সিল আয়োজন, গোপন ব্যালটে নেতৃত্ব নির্বাচন, নেতৃত্বের মেয়াদ নির্ধারণ এবং নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।