রিকশাচালক থেকে শিক্ষার্থী—সহজ শর্তে ঋণের সুযোগ
সংগৃহীত
স্বল্প আয়ের মানুষ ও ক্ষুদ্র উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দিতে ১ হাজার ৫০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এ তহবিল থেকে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ নেওয়া যাবে। এর মধ্যে ৫ লাখ টাকা পর্যন্ত ঋণের জন্য কোনো জামানত দিতে হবে না। ঋণের সুদের হার নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ৭ শতাংশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো নির্দেশনায় ঋণের যোগ্যতা, পরিমাণ, সুদের হার, জামানত ও বিতরণপ্রক্রিয়া উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের এ কর্মসূচির আওতায় রিকশাচালক, চা-বিক্রেতা, রাজমিস্ত্রি, কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঋণ নিতে পারবেন। নারী উদ্যোক্তা, স্বল্প আয়ের পেশাজীবী, প্রবাসী পরিবারের সদস্য এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা অগ্রাধিকার পাবেন। প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের মানুষও এ সুবিধার আওতায় থাকবেন। তহবিলের মোট ঋণের অন্তত ২৫ শতাংশ নারীদের জন্য বরাদ্দ রাখতে হবে।
কারা পাবেন ঋণ
পাড়া, মহল্লা ও গ্রামভিত্তিক অতিক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোক্তারা এ ঋণের জন্য বিবেচিত হবেন। পেশাজীবীদের মধ্যে জেলে, চর্মকার, স্বর্ণকার, ফেরিওয়ালা, কামার, কুমার, দরজি, রিকশাচালক, ভ্যানচালক, কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি, রংমিস্ত্রি ও প্লাম্বার রয়েছেন।
এছাড়া ইলেকট্রিক ও ইলেকট্রনিকস যন্ত্র মেরামতকারী, আচার-পিঠা প্রস্তুতকারী, ক্ষুদ্র তাঁতি, চা-শ্রমিক, মুদি দোকানি, মোবাইল আর্থিক সেবার এজেন্ট, ইন্টারনেট সেবাদাতা ও ভ্রাম্যমাণ খাবার বিক্রেতারাও ঋণ পাবেন।
ফ্রিল্যান্সিং, নার্সারি, বৃক্ষরোপণ, সূচিশিল্প, ব্লক-বাটিক, কুটিরশিল্প, হস্তশিল্প ও খাবার তৈরির মতো আয়বর্ধক কাজেও এ ঋণ নেওয়া যাবে। হাঁস-মুরগি ও গবাদিপশু পালনকারীরাও আবেদন করতে পারবেন।
কৃষকদের মধ্যে কৃষক স্মার্ট কার্ডধারী প্রান্তিক ও ভূমিহীন কৃষকেরা অগ্রাধিকার পাবেন। তবে স্মার্ট কার্ড না থাকলেও তাঁরা যেন ঋণ থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে ব্যাংকগুলোকে সচেষ্ট থাকতে বলা হয়েছে।
নদীভাঙন, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, বন্যা, খরা, অগ্নিকাণ্ড, ভূমিকম্প ও ভবনধসে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ী এবং স্বল্প আয়ের পেশাজীবীরাও অগ্রাধিকার পাবেন। উপকূলীয়, চর ও হাওর এলাকার স্বল্প আয়ের মানুষ এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সদস্যরাও এ সুবিধা পাবেন।
শিক্ষার্থীরাও পাবেন ঋণ
সুবিধাবঞ্চিত ও অসচ্ছল ২৫ বছর বয়স পর্যন্ত স্টুডেন্ট ব্যাংকিং হিসাবধারীরা বৃত্তিমূলক, কারিগরি ও তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন প্রশিক্ষণের জন্য ঋণ নিতে পারবেন। এ ক্ষেত্রে অভিভাবককে ঋণ পরিশোধের নিশ্চয়তা দিতে হবে।
এ ছাড়া এমবিবিএস, বিডিএস ও প্রকৌশলসহ উচ্চশিক্ষার ব্যয় এবং প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী কেনার জন্যও ঋণ দেওয়া যাবে। এসব ক্ষেত্রেও অভিভাবকের নিশ্চয়তা প্রয়োজন হবে।
একক ঋণ ১০ লাখ, দলগত ৪০ লাখ টাকা
একজন গ্রাহক বা ক্ষুদ্র উদ্যোক্তা সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ নিতে পারবেন। দলগত ঋণের ক্ষেত্রে দুই থেকে পাঁচজন মিলে দল গঠন করতে হবে। একটি দল সর্বোচ্চ ৪০ লাখ টাকা পাবে। প্রত্যেক সদস্য সর্বোচ্চ ৮ লাখ টাকা করে নিতে পারবেন। দলের সদস্যরা ব্যক্তিগত ও যৌথভাবে ঋণের দায় বহন করবেন।
ঋণ পেতে গ্রাহকের ১০, ৫০ অথবা ১০০ টাকার ব্যাংক হিসাব থাকতে হবে। ৫ লাখ টাকা পর্যন্ত ঋণে কোনো জামানত লাগবে না। এর বেশি ঋণের ক্ষেত্রে ব্যাংক গ্রাহকের সঙ্গে সম্পর্ক বিবেচনায় যৌক্তিক সহায়ক জামানত চাইতে পারবে।
সুদ সর্বোচ্চ ৭ শতাংশ, মেয়াদ পাঁচ বছর
বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন তহবিল থেকে ব্যাংকগুলো বার্ষিক ১ শতাংশ সুদে অর্থ নিতে পারবে। গ্রাহকপর্যায়ে ঋণের সুদের হার সর্বোচ্চ ৭ শতাংশ নির্ধারণ করা হয়েছে। শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোও এ কর্মসূচির আওতায় অর্থায়ন করতে পারবে। তবে গ্রাহকের কাছ থেকে আদায় করা মুনাফার হার বার্ষিক ৭ শতাংশের বেশি হবে না।
ঋণ পরিশোধের সর্বোচ্চ মেয়াদ পাঁচ বছর বা ৬০ মাস। এর মধ্যে সর্বোচ্চ ছয় মাস গ্রেস পিরিয়ড দেওয়া যাবে। গ্রাহকের সুবিধা বিবেচনায় মাসিক, ত্রৈমাসিক, ছয় মাস অন্তর অথবা বার্ষিক কিস্তি নির্ধারণ করতে পারবে ব্যাংক।
ব্যাংকের শাখা, উপশাখা, এজেন্ট ব্যাংকিং, মোবাইল আর্থিক সেবা, অনলাইন ও ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে এ ঋণ বিতরণ করা যাবে। নির্ধারিত সার্ভিস চার্জের বাইরে প্রসেসিং ফি বাবদ গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়া যাবে না।
ঋণের অর্থ নির্ধারিত আয়বর্ধক কাজে ব্যবহার হচ্ছে কি না, তা ব্যাংকগুলোকে নিয়মিত তদারকি করতে হবে। পাশাপাশি ঋণ বিতরণ ও আদায়ের অগ্রগতি জানিয়ে প্রতি তিন মাস পর বাংলাদেশ ব্যাংকে প্রতিবেদন জমা দিতে হবে।