মিসিসিপি নদীতে ট্যাংকার-প্রমোদতরি সংঘর্ষ, আহত ৩২

BD REPORT
বিডি-রিপোর্ট 15 Nov 2026 12:11 pm
মিসিসিপি নদীতে ট্যাংকার-প্রমোদতরি সংঘর্ষ, আহত ৩২

উল্টে যাচ্ছে যাত্রীবাহী প্রমোদতরি

যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে মিসিসিপি নদীতে একটি তেলবাহী ট্যাংকারের ধাক্কায় যাত্রীবাহী প্রমোদতরি উল্টে ডুবে গেছে। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনায় পানিতে পড়ে যান বেশ কয়েকজন যাত্রী। পরে উদ্ধার অভিযান চালিয়ে দুই নৌযানের সবাইকে শনাক্ত করা হয়েছে। প্রমোদতরির ৩২ যাত্রীকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে কারও আঘাত গুরুতর নয় এবং কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

দুর্ঘটনায় পড়া প্রমোদতরিটির নাম ‘আমেরিকান হেরিটেজ’। এটি আমেরিকান ক্রুজ লাইনসের পরিচালনাধীন। ট্যাংকারটির নাম ‘আটলান্টিক অ্যাসফাল্ট’। নিউ অরলিন্সের মেয়র হেলেনা মোরেনো জানান, স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে ট্যাংকারটি নিয়ন্ত্রণ হারিয়ে নোঙর করা প্রমোদতরিতে ধাক্কা দেয়।

ধাক্কার পর প্রমোদতরিটি একদিকে কাত হয়ে ডুবতে শুরু করে। পরে সেটি উল্টে যায়। এতে বেশ কয়েকজন যাত্রী পানিতে পড়ে যান। বন্দরের কর্মী, দমকলকর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আশপাশের নৌযানের লোকজন উদ্ধারকাজে অংশ নেন।

মেয়র মোরেনো জানান, দুর্ঘটনার সময় প্রমোদতরিতে যাত্রী ও ক্রুসহ প্রায় ১৮০ থেকে ১৯০ জন ছিলেন। তাঁদের সবাইকে শনাক্ত করা হয়েছে। ৩২ যাত্রীকে হাসপাতালে নেওয়া হলেও কারও অবস্থা গুরুতর নয়। ট্যাংকারে থাকা কেউ আহত হননি। উদ্ধার অভিযানে অংশ নেওয়া বন্দরের পুলিশের দুই কর্মকর্তাকেও হাসপাতালে নেওয়া হয়।

বন্দর পুলিশের প্রধান মেলানি মনট্রোল জানান, প্রমোদতরিটি উল্টে যাওয়ার আগে প্রায় ৮৭ জন যাত্রী সেটি থেকে নেমে যেতে সক্ষম হন।

মেয়র দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার তৎপরতার প্রশংসা করে ঘটনাটিকে ‘মিসিসিপিতে অলৌকিক ঘটনা’ বলে বর্ণনা করেন। স্থানীয়, অঙ্গরাজ্য ও কেন্দ্রীয় সংস্থার পাশাপাশি নদীতে থাকা বেসরকারি নৌযানের লোকজনও উদ্ধারকাজে সহায়তা করেন।

যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড দুর্ঘটনার পর ওই এলাকায় নদীপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয়। কোস্টগার্ডের ক্যাপ্টেন মেলানি বার্নহ্যামের বরাতে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ট্যাংকারটির স্টিয়ারিং ব্যবস্থায় ত্রুটি হয়ে থাকতে পারে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো তদন্তাধীন।

আমেরিকান ক্রুজ লাইনস এক বিবৃতিতে জানায়, যাত্রী ও ক্রুদের সরিয়ে নেওয়া হয়েছে। উদ্ধার ও পরবর্তী কার্যক্রমে তারা কোস্টগার্ড এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে।