শীতের সবজিতে দাম কমেছে, আগের অবস্থায় মাছ

BD REPORT
বিডি-রিপোর্ট 15 Nov 2026 05:11 pm
শীতের সবজিতে দাম কমেছে, আগের অবস্থায় মাছ

সংরক্ষিত ছবি

শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় রাজধানীর বাজারে কমেছে ফুলকপি, নতুন আলু ও কাঁচা মরিচের দাম। তবে জিরা, এলাচ ও লবঙ্গসহ কয়েকটি মসলার দাম বেড়েছে। মুরগি ও ডিমের দামে কিছুটা স্বস্তি মিললেও বেশির ভাগ মাছ বিক্রি হচ্ছে আগের উচ্চ দামেই।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর নিউমার্কেট, হাতিরপুল ও লালবাগসহ বিভিন্ন বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

বাজারে প্রতিটি ফুলকপি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। গত সপ্তাহে এর দাম ছিল ৬০ থেকে ৭০ টাকা। নতুন আলুর দাম কেজিতে ৩০ টাকা কমে ১২০ টাকায় নেমেছে। পুরোনো আলু বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকা কেজি দরে। কাঁচা মরিচের দাম কেজিতে ৪০ টাকা কমে ৬০ থেকে ৮০ টাকায় এসেছে। টমেটো বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকা কেজি দরে। অন্যান্য সবজির দাম প্রায় অপরিবর্তিত রয়েছে।

নিউমার্কেটের সবজি বিক্রেতা মিন্টু শেখ বলেন, দেশের বিভিন্ন এলাকা থেকে শীতকালীন সবজি আসতে শুরু করেছে। গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে সরবরাহ বেড়েছে। ফলে কিছু সবজির দাম কমেছে। কয়েক দিনের মধ্যে সরবরাহ আরও বাড়লে দাম আরও কমতে পারে।

অন্যদিকে, মসলার বাজারে বেড়েছে জিরা ও এলাচের দাম। গত দুই সপ্তাহে জিরার দাম কেজিতে ৪০ থেকে ৫০ টাকা বেড়ে বর্তমানে ৫৪০ থেকে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। ১৫ থেকে ২০ দিন আগে এলাচের দাম ছিল কেজিতে ৪ হাজার ৩০০ থেকে ৫ হাজার ২০০ টাকা। বর্তমানে তা বেড়ে ৪ হাজার ৬০০ থেকে ৫ হাজার ৫০০ টাকায় দাঁড়িয়েছে। দেড় মাসে লবঙ্গের দাম কেজিতে প্রায় ৫০ টাকা বেড়ে ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ টাকায় পৌঁছেছে।

লালবাগের মিরাজ স্টোরের মালিক মিরাজ বলেন, জিরা ও এলাচের দাম সবচেয়ে বেশি বেড়েছে। পাইকারি বাজারে দাম বাড়ার প্রভাব খুচরা বাজারেও পড়েছে। পাইকারি বিক্রেতারা তাঁকে জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে মসলার দাম ও ট্রাকভাড়া বেড়েছে।

চালের বাজারে সরু চাল বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮৫ টাকা, মাঝারি চাল ৫৫ থেকে ৬৪ টাকা এবং মোটা চাল ৫০ থেকে ৫৫ টাকা কেজি দরে। গত সপ্তাহের তুলনায় সরু ও মাঝারি চালের দাম কেজিতে ১ থেকে ২ টাকা বেড়েছে। তবে মোটা চালের দাম অপরিবর্তিত রয়েছে।

মুরগির বাজারে ব্রয়লারের দাম কিছুটা কমেছে। কয়েক মাস ধরে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৯০ থেকে ২০০ টাকায় বিক্রি হলেও বর্তমানে বাজারভেদে ১৭০ থেকে ১৮০ টাকায় পাওয়া যাচ্ছে। লেয়ার মুরগি বিক্রি হচ্ছে ২৩০ থেকে ২৪০ টাকা কেজি দরে। বাদামি ডিমের দাম ডজনে ১০ টাকা কমে ১৫০ টাকায় নেমেছে।

তবে মাছের বাজারে তেমন পরিবর্তন দেখা যায়নি। রুই মাছ ২৮০ থেকে ৩৮০ টাকা, বড় তেলাপিয়া ১৮০ থেকে ২০০ টাকা, সিলভার কার্প ও গ্রাস কার্প ১৮০ থেকে ২০০ টাকা এবং পাঙাশ ১৬০ থেকে ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এছাড়া কাতলা ৩৫০ থেকে ৩৮০ টাকা, চাষের কই ২০০ থেকে ২২০ টাকা এবং পাবদা ৩৮০ থেকে ৪২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।