সাত খাতে মনগড়া প্রাক্কলনে জিডিপি প্রবৃদ্ধি বাড়ানো হয়েছে: উপদেষ্টা

BD REPORT
বিডি-রিপোর্ট 15 Nov 2026 03:11 pm
সাত খাতে মনগড়া প্রাক্কলনে জিডিপি প্রবৃদ্ধি বাড়ানো হয়েছে: উপদেষ্টা

সংগৃহীত

বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হিসাবে উৎপাদনশিল্পের অবদান নিয়ে বড় ধরনের অসংগতি পেয়েছে বিশেষজ্ঞ কমিটি। বিশেষ করে ২০১৪-১৫ থেকে ২০১৮-১৯ অর্থবছরে সিমেন্ট ও জাহাজ নির্মাণশিল্পে বাস্তবতার সঙ্গে অসংগতিপূর্ণ প্রবৃদ্ধি দেখানোর তথ্য উঠে এসেছে।

ড. এ কে এনামুল হক ও ড. অতনু রব্বানীর নেতৃত্বাধীন বিশেষজ্ঞ কমিটির পর্যালোচনায় দেখা গেছে, ২০১০-১১ থেকে ২০১৩-১৪ অর্থবছরে দেশে গড় প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি ছিল ৬ দশমিক ২৭ শতাংশ। পরবর্তী পাঁচ অর্থবছরে, অর্থাৎ ২০১৪-১৫ থেকে ২০১৮-১৯ সময়ে তা বেড়ে দাঁড়ায় ৭ দশমিক ৩৯ শতাংশে। দুই সময়ের ব্যবধানে প্রবৃদ্ধি বাড়ে ১ দশমিক ১৩ শতাংশ পয়েন্ট।

এই বাড়তি প্রবৃদ্ধির প্রায় ৪১ শতাংশ এসেছে উৎপাদনশিল্প খাত থেকে। খাতটির অবদান ছিল ০.৪৬২৭ শতাংশ পয়েন্ট। উৎপাদনশিল্পের বাড়তি প্রবৃদ্ধির প্রায় ৭৯ শতাংশ এসেছে মাঝারি ও বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান থেকে। এ সময়ে জাতীয় জিডিপিতে উৎপাদনশিল্পের অংশ ১৫ দশমিক ১৬ শতাংশ থেকে বেড়ে ১৮ দশমিক ২৫ শতাংশে দাঁড়ায়।

শনিবার (১৪ নভেম্বর) আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সম্মেলনকক্ষে আয়োজিত এক সেমিনারে কমিটির প্রতিবেদন উপস্থাপন করা হয়। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক ড. এ কে এনামুল হক প্রতিবেদনটি তুলে ধরেন। তথ্যের সঠিকতা, বিশ্বাসযোগ্যতা ও ব্যবহার উপযোগিতা নিশ্চিত করতে গঠিত কমিটির খসড়া প্রতিবেদনের ওপর মতামত নিতে সেমিনারটির আয়োজন করে বিবিএস।

প্রতিবেদনে সিমেন্টশিল্পের প্রবৃদ্ধির হিসাব বিশেষভাবে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। আমদানি করা ক্লিঙ্কার থেকে সিমেন্ট উৎপাদনের ক্ষেত্রে প্রকৃত মূল্য সংযোজন যথাযথভাবে হিসাব করা হয়নি। একই সঙ্গে মজুত পণ্যের সমন্বয় ছাড়াই উৎপাদনের হিসাব করা হয়েছে। এর ফলে পরপর তিন বছর সিমেন্টশিল্পে ৬১ দশমিক ৬, ৫১ দশমিক ৭ ও ৪৫ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধি দেখানো হয়।

জাহাজ নির্মাণশিল্পেও একই ধরনের অসংগতি পাওয়া গেছে। এ খাতে ২০১৪-১৫ অর্থবছরে ২৪২ দশমিক ৪ শতাংশ এবং পরের অর্থবছরে ৯৭ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধি দেখানো হয়েছিল। কমিটির বিশ্লেষণে বলা হয়েছে, কোনো একটি বড় জাহাজ নির্মাণের আদেশ, ইস্পাত কাটার মতো প্রাথমিক কাজ কিংবা নির্দিষ্ট প্রতিষ্ঠানের উৎপাদনকে পুরো শিল্প উপখাতের উৎপাদন হিসেবে গণনা করার কারণে অস্বাভাবিক প্রবৃদ্ধির তথ্য তৈরি হয়ে থাকতে পারে।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ‘সেকেন্ডারি উৎস থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে সাতটি নির্দিষ্ট খাতে মনগড়া প্রাক্কলন যুক্ত করে জিডিপির প্রবৃদ্ধি বাড়িয়ে দেখানো হয়েছে।’ তৈরি পোশাকশিল্পে তথ্যের স্বচ্ছতা তুলনামূলক বেশি থাকায় সেখানে এ ধরনের কারসাজি করা সম্ভব হয়নি বলেও মন্তব্য করেন তিনি। তাঁর মতে, পোশাকবহির্ভূত কয়েকটি শিল্প উপখাতে অস্বাভাবিক প্রবৃদ্ধি দেখিয়ে সামগ্রিক উৎপাদনশিল্পের প্রবৃদ্ধি বাড়ানো হয়েছে।

উপদেষ্টা বলেন, ‘পরিসংখ্যান কোনো সরকারের রাজনৈতিক হাতিয়ার নয়। এটি জনগণের সম্পদ।’ জাতীয় হিসাবের তথ্যের বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার জরুরি বলেও উল্লেখ করেন তিনি।

সংস্কারের অংশ হিসেবে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহে কম্পিউটার অ্যাসিস্টেড পার্সোনাল ইন্টারভিউ (সিএপিআই) ও জিও-কোডিং প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি কাস্টমসের তথ্যের পরিবর্তে বাংলাদেশ ব্যাংকের তথ্য ব্যবহার এবং শিল্পপ্রতিষ্ঠানের প্রকৃত উৎপাদন যাচাইয়ে বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারের মতো স্বাধীন সূচক কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে।