১৪৭ কারখানায় উৎপাদন বন্ধ, অনির্দিষ্টকালের জন্য বন্ধের হুঁশিয়ারি

BD REPORT
বিডি-রিপোর্ট 15 Nov 2026 03:11 pm
১৪৭ কারখানায় উৎপাদন বন্ধ, অনির্দিষ্টকালের জন্য বন্ধের হুঁশিয়ারি

বিজিএমইএ ও বিকেএমইএর নেতাদের সংবাদ সম্মেলন

শ্রমিক অসন্তোষের কারণে কোনো কারখানায় শ্রমিকেরা কাজে যোগ না দিলে আগামী রোববার (১৫ নভেম্বর) থেকে অনির্দিষ্টকালের জন্য সেটি বন্ধ ঘোষণা করবেন মালিকেরা। শ্রম আইন অনুযায়ী ‘নো ওয়ার্ক, নো পে’ নীতিতে কারখানা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর উত্তরায় বিজিএমইএর প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান বাবু। এর আগে শ্রমিক অসন্তোষের পরিস্থিতি নিয়ে আয়োজিত বৈঠকে প্রায় ২০০ কারখানার মালিক অংশ নেন।

মাহমুদ হাসান খান বাবু বলেন, সংশ্লিষ্ট এলাকার কারখানার মালিকেরা কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছেন। তাঁরা কারখানা সচল রাখতে পারছেন না। এ অবস্থায় শ্রম আইন অনুযায়ী ১৩(১) ধারায় কারখানা বন্ধ রাখতে বাধ্য হবেন বলে মালিকেরা বিজিএমইএকে জানিয়েছেন।

তিনি জানান, শনিবার পর্যন্ত শ্রম আইনের ওই ধারায় ৫৫টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া শ্রমিকেরা কাজে যোগ না দেওয়ায় আরও ১৪৭টি কারখানায় উৎপাদন বন্ধ ছিল।

রোববার থেকে কতটি কারখানা বন্ধ থাকবে, তা নির্দিষ্ট করে জানাননি বিজিএমইএ সভাপতি। তিনি বলেন, প্রতিদিন একই কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দেয় না। ফলে বন্ধ কারখানার সংখ্যা পরিবর্তিত হতে পারে। তবে শনিবার উৎপাদন বন্ধ থাকা ১৪৭টি কারখানায় প্রায় তিন লাখ শ্রমিক রয়েছেন।

শ্রম আইন অনুযায়ী, ১৩(১) ধারায় কোনো কারখানা শ্রম অসন্তোষের কারণে উৎপাদন চালাতে না পারলে মালিকপক্ষ অনির্দিষ্টকালের জন্য সেটি বন্ধ রাখতে পারে। এ সময় কার্যকর থাকে ‘নো ওয়ার্ক, নো পে’ নীতি। অর্থাৎ কারখানা বন্ধ থাকার দিনগুলোর জন্য শ্রমিকেরা মজুরি পাবেন না।

এদিকে শ্রমিক নেতারা আশঙ্কা করছেন, এ ধারায় কারখানা বন্ধের সিদ্ধান্ত শ্রমিকদের ক্ষোভ আরও বাড়াতে পারে। বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, এ ধরনের সিদ্ধান্ত শ্রমিক আন্দোলনকে আরও উসকে দিতে পারে।

এর আগে শ্রমিক অসন্তোষের জেরে সাভার ও আশুলিয়ার অন্তত ৪০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে বিজিএমইএ ও বিকেএমইএর নেতারা উপস্থিত ছিলেন।