৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব, মালিকপক্ষের বক্তব্যের আগেই সভা স্থগিত
সংগৃহীত
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর বিজয়নগরের শ্রম ভবনে সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা স্থগিত করে শ্রম মন্ত্রণালয়।
মন্ত্রণালয় জানিয়েছে, অনিবার্য কারণে সভা স্থগিত করা হয়েছে। নতুন তারিখ নির্ধারণ করে শিগগিরই সংশ্লিষ্ট ব্যক্তিদের জানানো হবে।
এদিনের সভায় মালিকপক্ষের প্রতিনিধিদের নতুন মজুরি কাঠামোর প্রস্তাব দেওয়ার কথা ছিল। তবে সভা স্থগিত হওয়ায় সেই প্রস্তাব উপস্থাপন করা হয়নি।
মজুরি বোর্ডের শ্রমিকপক্ষের প্রতিনিধি ও শ্রমিক নেতা বাবুল আখতার জানান, সোমবার সকাল ৮টার দিকে বোর্ডের চেয়ারম্যান তাঁকে ফোন করে সভা স্থগিতের বিষয়টি জানান। চলমান শ্রমিক আন্দোলন, সামগ্রিক শ্রম পরিস্থিতির উন্নতি না হওয়া, রাজনৈতিক অস্থিরতা এবং শ্রমিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আনোয়ার হোসাইনের অসুস্থতাসহ কয়েকটি কারণ সভা স্থগিতের পেছনে রয়েছে বলে তাঁকে জানানো হয়েছে।
এর আগে গত ৯ নভেম্বর অনুষ্ঠিত বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ চতুর্থ গ্রেডে সর্বনিম্ন মাসিক মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেয়।
শ্রমিকপক্ষের যুক্তি, চার সদস্যের একটি পরিবারের খাদ্য ও পুষ্টির চাহিদা, বাড়িভাড়া, চিকিৎসা এবং সন্তানদের শিক্ষাসহ প্রয়োজনীয় ব্যয় মেটাতে মাসে ৪৫ হাজার থেকে ৬০ হাজার টাকা প্রয়োজন। তবে পোশাকশিল্পের সক্ষমতা ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় তারা সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছে।
উল্লেখ্য, গত মাস থেকে মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন পোশাকশ্রমিকেরা। এর পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর সরকার নতুন করে নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। এই বোর্ড পোশাকশিল্পে কর্মরত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর জন্য নতুন মজুরির হার সুপারিশ করবে।