স্থগিত মজুরি বোর্ডের সভার নতুন তারিখ ঘোষণা
সংগৃহীত
পোশাক শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের স্থগিত হওয়া তৃতীয় সভার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৩ নভেম্বর সোমবার এ সভা অনুষ্ঠিত হবে। এতে মালিকপক্ষ তাদের প্রস্তাবিত মজুরি কাঠামো তুলে ধরবে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী সোমবার সকাল সাড়ে ১১টায় ঢাকার সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।
এর আগে সোমবার (১৬ নভেম্বর) বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ওই সভায় মালিকপক্ষের শ্রমিকদের নতুন মজুরি প্রস্তাব দেওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণ দেখিয়ে সভাটি শেষ মুহূর্তে স্থগিত করা হয়।
পরে জানা যায়, শ্রমিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আনোয়ার হোসেন অসুস্থ হয়ে পড়ায় সভা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।
গত ৯ নভেম্বর বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ তাদের মজুরি প্রস্তাব জমা দেয়। সেখানে পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের দাবি জানানো হয়। তবে ওই সভায় মালিকপক্ষ কোনো প্রস্তাব দেয়নি। প্রস্তাব জমা দিতে তারা সাত কর্মদিবস সময় চাইলেও বোর্ড চার কর্মদিবসের মধ্যে তা জমা দেওয়ার সময় নির্ধারণ করে দেয়।
এদিকে মজুরি বৃদ্ধির দাবিতে গত দুই সপ্তাহ ধরে পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষ চলছে। বিভিন্ন কারখানায় শ্রমিকেরা হাজিরা দিয়ে কাজ না করে বেরিয়ে যাচ্ছেন। কোথাও সড়কে বিক্ষোভ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটেছে।
এ পরিস্থিতিতে গত ১ নভেম্বর পোশাক শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় ডিসেম্বর থেকে নতুন মজুরি কাঠামো কার্যকরের বিষয়ে সম্মত হয় বোর্ড।
শ্রমিক অসন্তোষের প্রভাবে পোশাক কারখানার উৎপাদন ও রপ্তানি কার্যক্রম ব্যাহত হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী অনেক কারখানা বন্ধ রাখতে বাধ্য হয়েছেন মালিকেরা। রোববার এ ধারায় ১০৪টি কারখানা বন্ধ ছিল। সব মিলিয়ে সোমবার বন্ধ কারখানার সংখ্যা দাঁড়ায় ১৩২টিতে।