বাংলাদেশের আমদানি পণ্যবাহী চার জাহাজ আরাকান আর্মির দখলে

BD REPORT
Admin User 13 Jul 2026 02:07 am
বাংলাদেশের আমদানি পণ্যবাহী চার জাহাজ আরাকান আর্মির দখলে

মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে কক্সবাজারের টেকনাফের স্থলবন্দরের উদ্দেশে ছেড়ে আসা চারটি পণ্যবাহী জাহাজ তিন দিন ধরে আটকে রেখেছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। জাহাজগুলোতে বাংলাদেশি ব্যবসায়ীদের আনুমানিক ৪০ কোটি টাকার পণ্য রয়েছে।

সর্বশেষ পণ্যবাহী জাহাজগুলো গতকাল শনিবার বিকেলে নাফ নদের ওপারে মংডুর খারাংখালী খালে নিয়ে নোঙর করতে বাধ্য করেছে আরাকান আর্মি। টেকনাফের ব্যবসায়ী ও আমদানিকারকরা এসব তথ্য জানিয়েছেন।

তাঁরা জানিয়েছেন, মিয়ানমারের জান্তা শাসিত ইয়াঙ্গুন থেকে পণ্যবোঝাই জাহাজ চারটি টেকনাফ আসছিল। টেকনাফের জেটিঘাটের ওপারে মিয়ানমার সীমান্ত বরাবর পৌঁছলে জাহাজগুলোকে আটক করে আরাকান আর্মি।

গতকাল টেকনাফ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এহেতাশামুল হক বাহাদুর বলেন, ‘জাহাজ চারটিকে নাফ নদের ওপারে মংডুর খারাংখালী খালে নিয়ে নোঙর করতে বাধ্য করেছে আরাকান আর্মি। জাহাজে আমার আমদানি করা পণ্যও রয়েছে।

আরাকান আর্মি গত বৃহস্পতিবার দুটি জাহাজ আটক করে। পরে গত শুক্রবার আরো দুটি জাহাজ আটকে দেয়। জাহাজগুলোর বিষয়ে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে। বিজিবি জাহাজগুলোকে ফেরত আনার বিষয়ে চেষ্টা করছে।

আমদানিকারক মোহাম্মদ সোহেল বলেন, ‘আটক হওয়া জাহাজে বাংলাদেশি ব্যবসায়ীদের আনুমানিক ৪০ কোটি টাকার পণ্য রয়েছে।’

Tags: