টানা তিন বছর শূন্য রিটার্ন দিলে যেভাবে বাতিল করবেন টিআইএন

BD REPORT
Admin User 14 Sep 2026 01:09 pm
টানা তিন বছর শূন্য রিটার্ন দিলে যেভাবে বাতিল করবেন টিআইএন

ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার (টিআইএন) বাতিলের নিয়ম ও ধাপ জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। করদাতাদের সুবিধার্থে সরকার নির্ধারিত কিছু ক্ষেত্রে টিন বাতিল করা সম্ভব হবে।

এনবিআর সূত্রে জানা গেছে, নিম্নলিখিত ক্ষেত্রে টিন বাতিল করা যাবে— কর রিটার্ন দেওয়ার বাধ্যবাধকতা না থাকা, মৃত্যু, প্রতিষ্ঠান বন্ধ বা অস্তিত্ব শেষ হয়ে যাওয়া, স্থায়ীভাবে বিদেশে চলে যাওয়া ও দেশে কোনো আয় না থাকা, ডুপ্লিকেট বা ভুল তথ্যের টিন থাকা, আইনি মর্যাদা পরিবর্তন অথবা অন্য কোনো বৈধ কারণে।

টিন বাতিলের জন্য প্রয়োজন হবে— বর্তমান টিন সার্টিফিকেটের প্রিন্ট কপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং টানা তিন বছরের শূন্য কর রিটার্ন দাখিলের প্রাপ্তি স্বীকারপত্র।

প্রক্রিয়া অনুযায়ী, করদাতাকে টানা তিন বছর শূন্য রিটার্ন জমা দিতে হবে এবং প্রাপ্তি স্বীকারপত্র সংরক্ষণ করতে হবে। তৃতীয় বছরের রিটার্ন জমা দেওয়ার সময় কর সার্কেল অফিসে গিয়ে উপ-কর কমিশনার বরাবর লিখিত আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে তিন বছরের প্রাপ্তি স্বীকারপত্র ও প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। মালিক নিজে বা প্রতিনিধির মাধ্যমে আবেদন জমা দেওয়া যাবে।

প্রসঙ্গত, এ প্রক্রিয়ায় সরকারের পক্ষ থেকে কোনো ফি নেওয়া হবে না। সব শর্ত পূরণ হলে টিন বাতিল হয়ে যাবে এবং প্রয়োজনে করদাতা আবার নতুন টিন নিতে পারবেন।

Tags: