এমএফএস এজেন্ট ব্যবসার সঙ্গে সংঘাত, গতি হারাচ্ছে বাংলা কিউআর
সম্পাদিত ছবি
নগদ টাকার ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেন জনপ্রিয় করতে চালু করা বাংলা কিউআর সেবায় গতি হারিয়েছে লেনদেন। শুরুতে লেনদেন বাড়লেও সাম্প্রতিক সময়ে তা কমতে শুরু করেছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রযুক্তিগত ও কাঠামোগত দুর্বলতার পাশাপাশি এমএফএস এজেন্ট ব্যবসার সঙ্গে স্বার্থের সংঘাতও এ স্থবিরতার কারণ।
বাংলাদেশ ব্যাংকের গত মে থেকে অক্টোবর পর্যন্ত ছয় মাসের তথ্য অনুযায়ী, মে মাসের শেষ দুই সপ্তাহে বাংলা কিউআরে দৈনিক ২০ থেকে ৩০ কোটি টাকার লেনদেন হতো। অক্টোবরের প্রথম সপ্তাহে তা বেড়ে ১৩৫ কোটি টাকায় পৌঁছায়। তবে অক্টোবরের শেষ সপ্তাহে লেনদেন কমে ১১৯ কোটি টাকায় নেমে আসে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, বাংলা কিউআরে লেনদেনের গতি কমে যাওয়ার কারণ তাঁরাও বুঝতে পারছেন না। বাধা দূর করে লেনদেন বাড়ানোর চেষ্টা চলছে। সেবাটিকে সর্বজনীন করতে প্রয়োজনে আরও উদ্যোগ নেওয়া হবে।
কেন কমছে লেনদেন
গত জুলাইয়ে লেনদেনের ক্ষেত্রে বাংলা কিউআর কোড ব্যবহার বাধ্যতামূলক করে বাংলাদেশ ব্যাংক। এরপর ব্যাংক ও মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানগুলো মার্চেন্ট পর্যায়ে বাংলা কিউআর কোড স্থাপন করে। অনেক মার্চেন্টের একটি ব্যাংক বা এমএফএস হিসাবের বিপরীতে একাধিক প্রতিষ্ঠান চার-পাঁচটি পর্যন্ত কিউআর কোড দেয়।
এতে বিপুলসংখ্যক মার্চেন্টের মাধ্যমে গ্রাহকেরা নগদ টাকা উত্তোলনের বিকল্প ব্যবস্থা পান। ফলে গ্রামগঞ্জের দোকান থেকে বড় প্রতিষ্ঠান পর্যন্ত অনেক মার্চেন্ট কার্যত এমএফএস এজেন্টের মতো সেবা দিতে শুরু করেন। এতে এমএফএস এজেন্টদের ব্যবসায় প্রভাব পড়ে।
অন্যদিকে, অক্টোবর থেকে বাংলা কিউআরের মাধ্যমে অর্থ গ্রহণে মার্চেন্টদের খরচ শূন্য করে দেয় বাংলাদেশ ব্যাংক। ফলে মার্চেন্টদের মাধ্যমে টাকা গ্রহণ ও নগদ ফেরত দেওয়ার ক্ষেত্রে কোনো মাশুল দিতে হয় না। কিন্তু বিকাশ, নগদ ও রকেটের মতো এমএফএস এজেন্ট থেকে টাকা তুলতে নির্দিষ্ট ফি দিতে হয়। এ ছাড়া এমএফএস প্রতিষ্ঠানগুলো ক্যাশ আউটের ফি থেকে সরকারকে রাজস্ব দেয়।
এ অবস্থায় মার্চেন্টদের মাধ্যমে কিউআর কোড ব্যবহার করে নগদ টাকা তোলা গ্রাহক ও মার্চেন্ট—উভয়ের জন্য লাভজনক হয়ে ওঠে। তবে সরকার ও এমএফএস প্রতিষ্ঠানগুলোর জন্য তা ব্যবসায়িক প্রতিবন্ধকতা তৈরি করে।
গত ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংক ঘোষণা দেয়, বাংলা কিউআরের মাধ্যমে অর্থ উত্তোলন করা হলে সংশ্লিষ্ট হিসাব বন্ধ করে দেওয়া হবে। এরপর ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠানগুলো কেনাকাটার পরিবর্তে টাকা উত্তোলনের কাজে কিউআর কোড ব্যবহার হলে হিসাব বন্ধের ব্যবস্থা নেয়। এরপর থেকেই লেনদেনের গতি কমে যায়।
লেনদেন বাড়াতে উদ্যোগ
বাংলা কিউআরের ব্যবহার বাড়াতে ২০২৬-২৭ অর্থবছরে ১০০ কোটি টাকা প্রণোদনা বরাদ্দ রাখা হয়েছে। ব্যক্তিপর্যায়ে নিবন্ধিত ক্ষুদ্র ও প্রান্তিক বিক্রেতা এবং সেবাদাতাদের দোকানে সর্বোচ্চ দুই হাজার টাকার লেনদেনে এ সুবিধা দেওয়া হচ্ছে।
যে ব্যাংক বা এমএফএস প্রতিষ্ঠান মার্চেন্ট পয়েন্টে কিউআর কোড স্থাপন করছে, তারা লেনদেনের ০.১০ শতাংশ প্রণোদনা পাচ্ছে। আর যে প্রতিষ্ঠান গ্রাহকের অর্থ পরিশোধের সেবা দিচ্ছে, তারা পাচ্ছে ০.২০ শতাংশ।
তবে এসব উদ্যোগের পরও লেনদেন প্রত্যাশিত হারে বাড়ছে না। গত ২৪ সপ্তাহের মধ্যে সাত সপ্তাহ বাংলা কিউআরে লেনদেনের প্রবৃদ্ধি নেতিবাচক ছিল।
খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বিকাশ ও নগদের মতো জনপ্রিয় এমএফএস প্রতিষ্ঠানের সক্রিয় অংশগ্রহণ ছাড়া বাংলা কিউআর জনপ্রিয় করা কঠিন। পাশাপাশি গ্রাহকদের সচেতনতা বাড়ানো, প্রযুক্তিগত অবকাঠামো উন্নয়ন এবং ব্যাংকিং অ্যাপ সহজে ব্যবহারের উপযোগী করা প্রয়োজন। ইন্টারনেট ছাড়াই বাংলা কিউআর অ্যাপ ব্যবহারের যে ঘোষণা দেওয়া হয়েছিল, সেটিও বাস্তবায়ন করতে হবে।
বর্তমানে বাংলা কিউআরে নতুন মার্চেন্ট হিসাব খোলার ক্ষেত্রে এগিয়ে রয়েছে ইসলামী, পূবালী, জনতা, সোনালী ও রূপালী ব্যাংক।
সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শওকত আলী খান বলেন, বাংলা কিউআরের ব্যবহার বাড়াতে কর্মীদের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে। এতে প্রতিনিয়ত হিসাব খোলা ও লেনদেন বাড়ছে। সবাই এগিয়ে এলে এ সেবার প্রবৃদ্ধি ঘটবে।