রেমিট্যান্স-রপ্তানিতে স্বস্তি, বিনিয়োগে উদ্বেগ বাড়াচ্ছে ব্যাংকঋণের নিম্নগতি
সংগৃহীত
প্রবাসী আয় ও রপ্তানি আয় বাড়ছে। বাড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভও। তবে দেশের বেসরকারি খাতে ব্যাংকঋণের প্রবৃদ্ধি কমে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। গত সেপ্টেম্বরে এ প্রবৃদ্ধি নেমে এসেছে ৪ দশমিক ১৭ শতাংশে। বাংলাদেশের ইতিহাসে এটি সর্বনিম্ন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত আগস্টে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ছিল ৪ দশমিক ৭৫ শতাংশ। জুলাইয়ে ছিল ৪ দশমিক ৬২ শতাংশ। টানা সাত মাস ধরে এ খাতে ঋণের প্রবৃদ্ধি ৫ শতাংশের নিচে রয়েছে।
ব্যবসা-বাণিজ্য, শিল্পকারখানা ও বিনিয়োগের জন্য ব্যাংক থেকে ঋণ নেওয়ার পরিমাণ আগের বছরের তুলনায় কতটা বেড়েছে বা কমেছে, তা দিয়ে এ প্রবৃদ্ধি পরিমাপ করা হয়। ঋণের প্রবৃদ্ধি কমে যাওয়া বিনিয়োগের দুর্বল চাহিদার ইঙ্গিত দেয়। এর প্রভাব নতুন শিল্প স্থাপন, কারখানা সম্প্রসারণ ও কর্মসংস্থান সৃষ্টিতেও পড়তে পারে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি কিছুটা কমেছে। গত সেপ্টেম্বরে এ প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ১৭ শতাংশ।
বিনিয়োগে অনিশ্চয়তা
অন্তর্বর্তী সরকারের দেড় বছরের অস্থিরতার পর গত ফেব্রুয়ারিতে নতুন রাজনৈতিক সরকার দায়িত্ব নেয়। এতে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে বিনিয়োগ পরিবেশ উন্নত হওয়ার প্রত্যাশা তৈরি হয়েছিল। তবে সরকারের মেয়াদের সাড়ে আট মাস পার হলেও সেই প্রত্যাশার প্রতিফলন দেখা যাচ্ছে না।
এর মধ্যে তৈরি পোশাকশিল্পে মজুরি বৃদ্ধিকে কেন্দ্র করে সাম্প্রতিক বিক্ষোভ, সহিংসতা ও কারখানা বন্ধের ঘটনায় ব্যবসায়ী-উদ্যোক্তাদের উদ্বেগ বেড়েছে। পরিস্থিতি দীর্ঘায়িত হলে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে সতর্ক করছেন অর্থনীতিবিদেরা।
বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, এ অবস্থা চলতে থাকলে অর্থনীতিতে দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়বে। রেমিট্যান্স, রপ্তানি আয় ও রিজার্ভ বাড়লেও তাতে অর্থনীতিতে স্বস্তি ফিরবে না। বিনিয়োগ বাড়ানোর দিকেই সরকারের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত।
চার বছরে ঋণ প্রবৃদ্ধি কমেছে তিন ভাগের বেশি
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২২ সালের আগস্টে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ছিল ১৪ দশমিক ০৭ শতাংশ। চার বছরের ব্যবধানে তা কমে ৪ দশমিক ১৭ শতাংশে দাঁড়িয়েছে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে এ প্রবৃদ্ধি ছিল ৬ দশমিক ০৩ শতাংশ। মার্চে কমে ৪ দশমিক ৭২ শতাংশে নেমে আসে। এপ্রিল ও মে মাসে ছিল যথাক্রমে ৪ দশমিক ৭৫ ও ৪ দশমিক ৯৮ শতাংশ। ২০২৫-২৬ অর্থবছরের শেষ মাস জুনে তা আরও কমে ৪ দশমিক ৪৭ শতাংশ হয়। চলতি অর্থবছরের জুলাইয়ে ৪ দশমিক ৬২ শতাংশ এবং আগস্টে ৪ দশমিক ৭৫ শতাংশ প্রবৃদ্ধি হয়।
অর্থনীতিকে সক্রিয় করা ও বন্ধ কলকারখানা চালু করতে সরকার ৬০ হাজার কোটি টাকার সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে। বাংলাদেশ ব্যাংকও নীতি সুদহার ১০ শতাংশ থেকে কমিয়ে সাড়ে ৯ শতাংশ করেছে। তবে এসব উদ্যোগের পরও ঋণের প্রবৃদ্ধি বাড়েনি।
বাংলাদেশ ব্যাংকের বর্তমান মুদ্রানীতিতে আগামী ডিসেম্বরের মধ্যে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ৬ দশমিক ৮ শতাংশে উন্নীত করার লক্ষ্য রাখা হয়েছে।
কেন কমছে ঋণের প্রবৃদ্ধি
ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের মতে, বিনিয়োগে অনীহা, উচ্চ সুদহার, ডলারের দাম বৃদ্ধি, মূল্যস্ফীতি ও রাজনৈতিক অনিশ্চয়তা ঋণের প্রবৃদ্ধি কমার পেছনে কাজ করছে।
ব্যাংকঋণের খরচ বেড়ে যাওয়ায় নতুন বিনিয়োগে আগ্রহ কমেছে। মূল্যস্ফীতির চাপে মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় বাজারে পণ্যের চাহিদাও দুর্বল হয়েছে। অন্যদিকে ডলারের দাম ও ঋণের সুদহার বেশি থাকায় নতুন বিনিয়োগ কিংবা কারখানা সম্প্রসারণে আগের তুলনায় বেশি অর্থের প্রয়োজন হচ্ছে।
বাংলাদেশ চেম্বারের সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ বলেন, দেশে অনিশ্চয়তা ও অস্থিরতা রয়েছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ার প্রত্যাশা থাকলেও নতুন নতুন সংকট দেখা যাচ্ছে। পোশাকশিল্পের সাম্প্রতিক অস্থিরতায় তাঁরা উদ্বিগ্ন। এমন পরিস্থিতিতে বিনিয়োগ ও ঋণ নেওয়ার আগ্রহ কমে যায়।
তিনি আরও বলেন, করোনা মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ডলারের দর বৃদ্ধি ও মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অর্থনীতি চাপের মধ্যে রয়েছে। ঋণের সুদহার বেশি এবং মূল্যস্ফীতির কারণে মানুষের ক্রয়ক্ষমতাও কমেছে। দেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ নেই বলেও মন্তব্য করেন তিনি।
এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শামসুল আরেফিন বলেন, ভূরাজনৈতিক উত্তেজনার কারণে বিশ্ব অর্থনীতি এখনো অনিশ্চয়তার মধ্যে রয়েছে। এর প্রভাব বাংলাদেশের অর্থনীতিতেও পড়ছে। এ সময়ে ঋণ খুব বেশি বাড়বে না।
রেমিট্যান্স ও রপ্তানি আয়ে ইতিবাচক প্রবৃদ্ধি
বাংলাদেশ ব্যাংকের ১ নভেম্বর প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) রেমিট্যান্স বেড়েছে ১২ দশমিক ১০ শতাংশ। একই সময়ে রপ্তানি আয় বেড়েছে প্রায় ৬ শতাংশ।
এ দুই সূচকের ইতিবাচক প্রবণতায় বৈদেশিক মুদ্রার রিজার্ভেও স্বস্তি রয়েছে। মঙ্গলবার দিন শেষে বিপিএম-৬ হিসাবে রিজার্ভ ছিল ৩১ দশমিক ৫৬ বিলিয়ন ডলার। মোট বা গ্রস হিসাবে রিজার্ভ ছিল ৩৬ দশমিক ৪৩ বিলিয়ন ডলার।
তবে রেমিট্যান্স, রপ্তানি আয় ও রিজার্ভ বাড়লেও বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি কমে যাওয়ায় বিনিয়োগের দুর্বল চাহিদা স্পষ্ট হচ্ছে। ফলে বৈদেশিক মুদ্রার হিসাবে স্বস্তি বিনিয়োগ ও কর্মসংস্থানে কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে সংশয় রয়েছে।