২৫ প্লাটুন বাহিনী মোতায়েন, গাজীপুরে শান্তিপূর্ণভাবে চলছে কারখানা

BD REPORT
বিডি-রিপোর্ট 15 Nov 2026 06:11 pm
২৫ প্লাটুন বাহিনী মোতায়েন, গাজীপুরে শান্তিপূর্ণভাবে চলছে কারখানা

কর্মস্থলে যাচ্ছেন শ্রমিকরা

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ ও সংঘাতের পর গাজীপুরের পোশাকশিল্প এলাকায় স্বাভাবিক পরিবেশ ফিরতে শুরু করেছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকে বিভিন্ন এলাকার কারখানায় শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা।

সকাল থেকে কালিয়াকৈর উপজেলার শফিপুর, চন্দ্রা, পল্লী বিদ্যুৎ এবং গাজীপুর মহানগরের ভোগড়া বাইপাস, কোনাবাড়ি, কাশিমপুর ও সালনা এলাকার পোশাক কারখানাগুলোতে শ্রমিকদের কর্মস্থলে ফিরতে দেখা গেছে।

শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ২৫ প্লাটুন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন। এর মধ্যে ১২ প্লাটুন বিজিবি, পাঁচ প্লাটুন আনসার ও আট প্লাটুন এসআরবি সদস্য দায়িত্ব পালন করছেন।

গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া) আরিফ হোসাঈন এ তথ্য নিশ্চিত করেছেন।

শিল্প পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে শ্রমিকদের কেউ কারখানার নিজস্ব পরিবহনে, আবার কেউ হেঁটে কর্মস্থলে যান। কারখানাগুলোর সামনে শ্রমিকদের স্বাভাবিক উপস্থিতি দেখা গেছে। শিল্পাঞ্চলের সব এলাকায় শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) আমজাদ হোসেন জানান, সকাল থেকেই কারখানাগুলোর সামনে শ্রমিকদের সারিবদ্ধভাবে প্রবেশ করতে দেখা গেছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে। যৌথ বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে।

এর আগে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ছাঁটাই করা শ্রমিকদের পুনর্বহাল এবং আন্দোলনকারীদের কালো তালিকাভুক্তি বন্ধের দাবিতে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে বিক্ষোভ ও সংঘাত ছড়িয়ে পড়ে।