মৌচাকে পোশাকশ্রমিকদের অবরোধ, ছুটি ঘোষণা আশপাশের কারখানায়

BD REPORT
বিডি-রিপোর্ট 14 Nov 2026 03:11 pm
মৌচাকে পোশাকশ্রমিকদের অবরোধ, ছুটি ঘোষণা আশপাশের কারখানায়

সংগৃহীত

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকেরা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার মৌচাক এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে মহাসড়কে অবস্থান নেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পুলিশ ও শ্রমিকদের সূত্রে জানা গেছে, সকালে মৌচাক এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ দিতে যান। তবে কারখানায় প্রবেশ না করে তাঁরা বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করেন।

পরে কারখানাগুলোতে ছুটি ঘোষণা করা হলে শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। এতে মহাসড়কের দুই পাশে যানজট সৃষ্টি হয়। মৌচাক ও আশপাশের এলাকার সব কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

অবরোধের কারণে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। অনেককে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নেওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে। তাঁদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।