স্বর্ণের নতুন মূল্যতালিকা প্রকাশ, কত হলো ভরিপ্রতি দাম?

BD REPORT
বিডি-রিপোর্ট 16 Nov 2026 11:11 am
স্বর্ণের নতুন মূল্যতালিকা প্রকাশ, কত হলো ভরিপ্রতি দাম?

সংগৃহীত ছবি

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর দুই দিনের মাথায় আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় নতুন করে দাম সমন্বয় করেছে সংগঠনটি।

সোমবার (২ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৭৮৬ টাকা। আগের দামের তুলনায় প্রতি ভরিতে বেড়েছে ৩ হাজার ১৯৪ টাকা।

বাজুসের নতুন তালিকায় ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১০ হাজার ৮৭১ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮১ হাজার ১২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৭ হাজার ৯৩২ টাকা।

সোমবার সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় নতুন দাম নির্ধারণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন।

এর আগে শনিবার দেশের বাজারে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি দাম ৫ হাজার ৪৮১ টাকা কমিয়েছিল বাজুস। তখন ভ্যাটসহ দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা। তবে তেজাবি স্বর্ণের দাম বাড়ায় দুই দিনের ব্যবধানে আবারও মূল্য সমন্বয় করা হলো।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও নির্ধারণ করেছে বাজুস। নতুন তালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি গ্রাম রুপার দাম ৩০০ টাকা, ২১ ক্যারেটের ২৯০ টাকা, ১৮ ক্যারেটের ২৫০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১৯০ টাকা।

বাজুস জানিয়েছে, স্বর্ণালংকারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। পুরোনো স্বর্ণালংকার পরিবর্তনের ক্ষেত্রে মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে ১২ শতাংশ এবং পুরোনো অলংকার কেনার ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দেওয়ার নির্দেশনাও রয়েছে।

পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের জুয়েলারি প্রতিষ্ঠানগুলোতে বাজুস নির্ধারিত এ দাম কার্যকর থাকবে।